চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
জামালপুরের মেলান্দহ উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে যুবলীগের দুই নেতার বিরুদ্ধে।
আজ বুধবার বেলা তিনটার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর হোসেন।
অভিযুক্ত দুজন হলেন মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহিন বাঘা।
অভিযোগকারী আলমগীর হোসেন মেলান্দহ উপজেলার আদিপৈত কামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেমের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি একই গ্রামের এক ব্যক্তির কাছ থেকে জমি কেনেন আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি ও জমির মালিক মেলান্দহ সাবরেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রি করতে যান। ওই সময় শাহিন বাঘা ও ইব্রাহিম খলিলুল্লাহ গিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি রেজিস্ট্রি করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। চাঁদা দিতে না চাইলে শাহিন ও ইব্রাহিমের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। পরে গতকাল বিকেল পাঁচটার দিকে শাহিন ও ইব্রাহিমের লোকজন তাঁর স্যানিটারি পণ্যের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় দোকানে থাকা মূল্যবান স্যানেটারিপণ্য লুট করে নিয়ে যান তাঁরা। এতে তাঁর প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আলমগীর হোসেন আরও অভিযোগ করেন, খবর পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ছুটে যান। তখন শাহিন ও ইব্রাহিম তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি অভিযোগ দেন তিনি। হামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় তাঁর বীর মুক্তিযোদ্ধা বাবাসহ সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম খলিলুল্লাহ মুঠোফোন প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে আলমগীর হোসেনের কোনো সমস্যা নাই। আমিও বীর মুক্তিযোদ্ধার সন্তান। শাহিন বাঘার পৈতৃক জমি নিয়ে আলমগীর হোসেনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। এর ফলে গতকাল সাবরেজিস্ট্রারের কার্যালয়ে শাহিন বাঘাকে ব্যাপক মারধর করেন আলমগীর হোসেন। পরে শাহিন বাঘার আত্মীয়স্বজন ওই দোকানে গিয়ে কিছুটা ভাঙচুর করেছেন। আমি নিজে গিয়ে সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছি।’
শাহিন বাঘা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দাবি করে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘এখানে কোনো চাঁদাবাজির ঘটনা নেই। আমরা ওই ধরনের ছেলে না। পুরো বিষয়টি জমিসংক্রান্ত বিরোধ। সংবাদ সম্মেলনে করা অভিযোগ পুরো মিথ্যা। শাহিন বাঘাও থানায় অভিযোগ দিয়েছেন।’
এ বিষয়ে কথা বলতে শাহিন বাঘার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’