সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন
টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন। রোববার শুরু হওয়া এই পরীক্ষায় সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা।
ওই তিন বোন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলামের মেয়ে। ওই তিন বোন হলো সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাদিয়া ইসলাম। তাঁদের মধ্যে সুমাইয়া বড়, সাদিয়া মেজ ও রাদিয়া সবার ছোট। তারা বলে, ‘ছোটবেলা থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। টুকটাক ঝগড়া হলেও আমরা তিনজন মিলেমিশে থাকি।’
বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ওই তিন বোন।
শফিকুল ইসলাম ১৯৮৯ সালে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরব যান। তিনি প্রথম আলোকে বলেন, ২০০০ সালে দেশে এসে বিয়ে করেন। এরপর ২০০৩ সালে স্ত্রী রেখা আক্তারকে সৌদি আরবে নিয়ে যান। সেখানকার একটি হাসপাতালে ২০০৫ সালের জুলাই মাসে বড় মেয়ে সুমাইয়ার জন্ম হয়। এর ১৪ মাস পর ২০০৬ সালের সেপ্টেম্বরে মেজ মেয়ে সাদিয়ার এবং ২০০৭ সালের শেষের দিকে ছোট মেয়ের রাদিয়ার জন্ম হয়।
ওই তিন শিক্ষার্থীর মা রেখা আক্তার বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর তিন মেয়ের জন্ম হয়। ২০১১ সালে তিন মেয়েসহ তাঁকে দেশে রেখে যান স্বামী। বয়সের সামান্য পার্থক্য থাকলেও ওই বছর তিন মেয়েকে সখীপুরের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে ভর্তি করান। এর পর থেকে একই ক্লাসে পড়ছে তারা।
স্ত্রী ও মেয়েদের রেখে আবার সৌদি আরব চলে গিয়েছিলেন জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ২০১৮ সালের দেশে ফেরার পর তিনি আর সৌদি আরব যাননি। মেয়েদের এসএসসির ফলাফল বের হলে ভ্রমণের জন্য তাদের আবার সৌদি আরবে নিয়ে যাবেন।
সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন প্রথম আলোকে বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। এসএসসি পরীক্ষায়ও তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হবে বলে আশা করেন তিনি।
বাবা শফিকুল ইসলাম বলেন, ‘তিন মেয়েই আমার রত্ন। ওদের আমি সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করাব। ওরা পড়াশোনা শেষ করে যেন দেশের সেবায় নিয়োজিত হতে পারে, দেশবাসীর কাছে এই দোয়া চাই।’