নরসিংদীতে এক কিশোরের মাথার খুলি ভেঙে দেওয়ার অভিযোগ
এলাকার সমবয়সী একদল কিশোরের মেসেঞ্জার গ্রুপের একজনকে ‘বড় ভাই’ না ডাকা নিয়ে ঘটনার সূত্রপাত। ক্ষোভের জেরে ওই বড় ভাই অপর এক কিশোরকে মারধর করে হাসপাতালে পাঠায়। আহত কিশোরের পরিবারের সদস্য, স্বজন-সহপাঠীরা বিচার চাইতে অভিযুক্ত কিশোরের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। হাতাহাতির মধ্যেই ইট দিয়ে আরেক কিশোরের মাথার খুলি ভেঙে দেন অভিযুক্ত কিশোরের বাবা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ইটের আঘাতে মাথার খুলি ভেঙে যাওয়া কিশোরের নাম ইউসুফ মিহির (১৭)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া ইউসুফ শহরের বাসাইল এলাকার প্রবাসী কামাল মিয়ার ছেলে। অন্যদিকে পিটুনিতে আহত কিশোরের নাম সাহেদ মিয়া (১৭)। ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। দশম শ্রেণির ছাত্র সাহেদ মিয়া একই এলাকার আবু কালামের ছেলে।
এ ঘটনায় আহত সাহেদ মিয়ার চাচা সালাম মিয়া বাদী হয়ে গতকাল রাতেই অভিযুক্ত কিশোর মাহফুজ মিয়া (১৭) ও তার বাবা মাসুদ মিয়াকে (৪৫) আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ, আহতদের স্বজন ও সহপাঠীরা জানান, এলাকার দশম শ্রেণির শিক্ষার্থীদের ওই মেসেঞ্জার গ্রুপে মাহফুজ নিজেকে বড় ভাই দাবি করায় সিয়াম নামের একজন প্রতিবাদ করে। সাহেদ, মিহিরসহ গ্রুপের অন্য সদস্যরাও তাতে সায় দেয়। অপমানিত মাহফুজ তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। গতকাল দুপুরে পৌর শিশুপার্কে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল সাহেদ। বেলা আড়াইটার দিকে বাসাইল পৌর ঈদগার সামনে পৌঁছালে মাহফুজ দলবল নিয়ে সাহেদের পথ রোধ করে। এ সময় সিয়ামকে না পেয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাহেদকে উপর্যুপরি পেটায় তারা। খবর পেয়ে সাহেদের স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেন।
রাত নয়টার দিকে সাহেদের পরিবারের সদস্য, স্বজন ও সহপাঠী কয়েকজন মিলে বিচার চাইতে মাহফুজের বাড়িতে যান। এ সময় ছেলের বিচার না করে উল্টো মাহফুজের বাবা মাসুদ মিয়া কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ওই পরিবারের সদস্যরা দা-বঁটি নিয়ে এগিয়ে এলে হাতাহাতির ঘটনা ঘটে। এর মধ্যেই মাসুদ মিয়া আস্ত ইট দিয়ে আঘাত করে বসেন মিহিরের মাথায়। এতে তার মাথার খুলি ভেঙে মগজ বেরিয়ে আসে। দ্রুত তাকে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ ঢাকার হাসপাতালে নিতে বলেন। রাতেই অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে মিহির ওই হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘ইটের আঘাতে মাথার খুলি ভেঙে যাওয়া মিহিরকে গতকাল রাতে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার অতিরিক্ত রক্তক্ষরণ আর বমি হচ্ছিল। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই আমরা। অন্যদিকে সাহেদ নামের আরেক কিশোরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
ইউসুফ মিহিরের বাবা কামাল মিয়া বলেন, ‘আমি ১৫ দিনের ছুটিতে দেশে এসেছি। এ ঘটনার কিছুই জানতাম না। ছেলের মাথা ফাটিয়ে দেওয়ার পর হাসপাতালে গিয়ে সব শুনেছি। তার পরিস্থিতি ভালো না। চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের শাস্তি চাই আমি।’
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোর ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে রাতেই মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।