টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়ছবি: এআই দিয়ে তৈরি

গাজীপুরের টঙ্গীতে এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের দিকে ছুড়ে মারা হয়। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম রাহুল মিয়া (৩০)। তিনি টঙ্গীর কেরানীরটেক এলাকার বাসিন্দা। হামলায় আহত পুলিশের কনস্টেবল মো. মাসুদ টঙ্গী পূর্ব থানায় কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ কেরানীরটেক বস্তিতে অভিযান চালায়। সেখানে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে একদল মাদক কারবারি পুলিশের গতি রোধ করে। তারা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। একপর্যায়ে পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, পরে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, আসামি ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।