নারায়ণগঞ্জে আবাসিক চুলায় গ্যাসের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
নারায়ণগঞ্জে আবাসিক গ্রাহকদের চুলায় জ্বালানি গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে স্থানীয় তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে একটি সামাজিক সংগঠন। দ্রুত গ্যাস–সংকটের সমাধান না হলে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের ফটক ঘেরাও করে আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শতাধিক বাসিন্দা। পরে বিক্ষোভ মিছিলটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার তিতাসের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের হাতে ছিল ঝাড়ু। একই দাবিতে গত বছরের ২২ সেপ্টেম্বর সংগঠনটি তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
সরকার নিজেই গ্যাসের সংকট তৈরি করেছে উল্লেখ করে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নাগরিক আন্দোলনের নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, গত ১৪ বছরে এই সরকার ৯ বার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। সিদ্ধান্ত হলেও গত ১৪ বছরেও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেয়নি সরকার। সিলিন্ডার ব্যবাসীদের সুযোগ সৃষ্টি করে দিতেই সরকার এই সংকট তৈরি করেছে। নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া মহল্লার বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, হাহাকার অবস্থা। অবৈধ সংযোগ দিয়ে তিতাসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা লাখ-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ বৈধ গ্রাহকেরা গ্যাস পাচ্ছে না। তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান রফিউর রাব্বা।
সংগঠনের সভাপতি নুরুউদ্দিন আহমেদ বলেন, নিয়মিত বিল নেওয়া হলেও গ্যাস পাচ্ছে না আবাসিক গ্রাহকেরা। প্রতি গ্রাহককে বাড়তি ৩ হাজার টাকা বেশি খরচ করতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে আগামীতে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ঝাড়ু নিয়ে কর্মসূচিতে যোগ দেওয়া নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার গৃহিণী জেসমিন আক্তার বলেন, ‘বছরের পর ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ঝাড়ুপেটা করে তাঁদের দুর্নীতির ভুত ছাড়ানোর জন্য মিছিলে এসেছি।’
সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য পপি রানী সরকার বলেন, ‘সারা দিন চুলায় গ্যাস থাকে না। রাত ১২টার একটু গ্যাস আসে, আবার ভোরে চলে যায়। গ্যাস না থাকায় ছেলেমেয়েদের ঠিকমতো রান্না করে খাওয়াতে পারছি না। আমরা এই ভোগান্তির শেষ চাই।’
বিক্ষোভ মিছিলের ফাঁকে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আমরা নারায়ণগঞ্জবাসীর উপদেষ্টা মাহবুবুর রহমান, সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, তোফাজ্জল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য অলি উদ্দিন, ক্রীড়াসম্পাদক জাহাঙ্গীর কবির, সহসভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সিপিবি নেতা বিমল কান্তি দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী রাশিদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ভয়াবহ গ্যাস–সংকট দেখা দিয়েছে। কয়েক বছর ধরে এই সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। গ্যাসের দাবিতে আন্দোলন সংগ্রাম ও স্মারকলিপি দেওয়া হলেও তিতাস গ্যাসের সমস্যা সমাধানে কোনো কর্ণপাত করছে না। বক্তারা দ্রুত গ্যাস–সংকটের সমাধানের দাবি জানান।
এ বিষয়ে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংকটের বিষয়টি আমরা সবাই জানি। তবুও আমরা আজ (মঙ্গলবার) বসে সর্বোচ্চ চেষ্টা করব, সমস্যা সমাধানের উদ্যোগ নিতে।’