কুমিল্লায় গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কুমিল্লায় গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ইফতারের আগে ঘটনাটি ঘটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে।
নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন ভূঁইয়া (৪৮)। তিনি ওই গ্রামের আবদুল মালেক ভূঁইয়ার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া এলাকা থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত ব্যক্তিকে ধরার চেষ্টা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া বড় ভাই বিল্লালকে ছুরিকাঘাত করেন। বড় ভাইয়ের মৃত্যুর পর গ্রাম ছেড়ে আনিসুর দ্রুত পালিয়ে যান।
এদিকে বিল্লালের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাতে তাঁকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ভাইকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের কারণে ছোট ভাই ছুরিকাঘাত করে তাঁর আপন ভাইকে হত্যা করেছেন।