জমি নিয়ে বিরোধে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাউসী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বাউসী দক্ষিণ পাড়া এলাকার রুবেল মিয়া ও আবদুর রাজ্জাকের মধ্যে ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে রুবেল মিয়া ও তাঁর লোকজন গাছ লাগাতে আসেন। এ সময় আবদুর রাজ্জাক বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ব্যক্তিদের মধ্যে আছেন আবদুর রাজ্জাক (৫২), বেহুলা (৭০), দিপু মিয়া (২৬), রেজিয়া বেগম (৪২), হাবিবুর রহমান (৬৫), মোহাম্মদ আলী (২৩), সোনাবানু (৪০), মাহমুদ হাসান (৪৫), নীরব (১৯) ও দুলাল মিয়া (৩০)। এর মধ্যে হাবিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষে অংশ নেওয়া আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের জমিতে রুবেল ও তাঁর লোকজন জোরপূর্বক গাছ লাগাতে এলে আমরা বাধা দিই। এ সময় রুবেল ও তাঁর লোকজন আমাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।’ অন্যদিকে রুবেল মিয়া বলেন, ‘আমাদের জমিতে গাছ লাগতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে।