ঝড়–বৃষ্টি নেই, হঠাৎ ঘরের ওপর ভেঙে পড়ল গাছ, গৃহবধূর মৃত্যু
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হাজরাহাটি ভরকুল এলাকায় টিনের ঘরের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে দীপা রানী (২৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সজীব আহত হন। গাছের নিচে চাপা পড়া ঘর থেকে তাঁদের আট মাসের শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ সরিয়ে দীপার মরদেহ উদ্ধার করেন। আহত সজীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিবারের ভাষ্য, তাঁর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ঘটনার সময় এলাকায় ঝড়-বৃষ্টি ছিল না। হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বের হয়ে আসেন।
প্রতিবেশী ও পল্লিচিকিৎসক প্রফুল্ল রায় বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি, বিশাল গাছ ঘরের ওপর পড়ে আছে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিই। গাছের নিচে দীপা রানীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর স্বামীর মাথায় গুরুতর আঘাত ছিল।’
নিহত দীপা রানীর শ্বশুর অমল রায় বলেন, ‘ঝড় নেই, বৃষ্টি নেই; কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না। আমার তিনটি ঘরের মধ্যে দুটি শেষ হয়ে গেছে। এখন আমরা কোথায় থাকব, জানি না।’
মমিনপুর ইউনিয়নের প্রশাসক মো. ফরহাদ হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিবরণ এবং নিহত নারীর নাম–ঠিকানা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।