নারায়ণগঞ্জে সুতা ও রাসায়নিক কারাখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকায় সুতার কারখানা নান্নু স্পিনিং মিলস লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
আজ বেলা সোয়া একটায় রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকার নান্নু স্পিনিং মিলে এবং বেলা ১টা ৩৫ মিনিটে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকার এইচপি কেমিক্যাল কারখানায় আগুন লাগে।
আর বিকেল সোয়া পাঁচটায় হাইড্রোজেন পার–অক্সাইড উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচপি কেমিক্যাল লিমিটেডেরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিকেল সাড়ে চারটা পর্যন্ত কারখানাগুলো ঘুরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো শ্রমিকের আটকে থাকার খবরও পাওয়া যায়নি। আলাদা দুটি উপজেলা হলেও কারখানা দুটির অবস্থান এক কিলোমিটারের কম দূরত্বে।
নান্নু স্পিনিং মিল সূত্র জানায়, সেখানে দুই পালায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। সকাল ছয়টা থেকে শুরু হওয়া প্রথম পালার কাজ বেলা দুইটায় শেষ হওয়ার কথা ছিল। বেলা একটার দিকে কারখানার ১ নম্বর ইউনিটের চারতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন মো. জাহাঙ্গীর আলম নামের একজন শ্রমিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা নিচতলায় কাজ করছিলাম। হঠাৎ একজন নারীশ্রমিক ‘আগুন, আগুন’ বলে চিৎকার করে ওঠেন। আমি তাকিয়ে দেখি নিচতলার সিলিংয়ে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে জেনারেটর বন্ধ করি। সঙ্গে সঙ্গেই কারখানার নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করে।’
আগুন লাগার সময় কারখানার ডরমেটরিতে ছিলেন স্পিনিং মিলের উপসহকারী প্রকৌশলী মো. আশিক। অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠলে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান। কারখানায় যথাযথ অগ্নিনিরাপত্তা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।