৩৬ বছর ধরে জীবন চালান পুরোনো কাপড় সেলাই করে 

টাঙ্গাইলের মির্জাপুর সদরের একটি দোকানে কিছুদিন কাজ শিখে পুরোনো কাপড় সেলাইয়ের কাজ শুরু করেন নিখিল। এখন এটাই তাঁর পেশা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলাইকাজে ব্যস্ত নিখিল চন্দ্র। গতকাল মির্জাপুর বাজারে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর বাজারে প্রায় ৩৬ বছর ধরে পুরোনো কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করছেন নিখিল চন্দ্র দত্ত (৬০)। তিনি উপজেলা সদরের সরিষাদাইড় গ্রামের বাসিন্দা। সরকারি কোনো ভাতা বা সহায়তা এখন পর্যন্ত তাঁর কপালে জোটেনি। 

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নিখিল স্বাধীনতা যুদ্ধের আগে হারিয়ে যান। যুদ্ধের কয়েক বছর পর তিনি গ্রামের বাড়ি ফেরেন। তখন পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ভারত থেকে ফিরেছেন। দেশে ফিরে বিয়ে করেন। এর কিছুদিন পরই তাঁর বাবা মারা যান। দারিদ্রের কষাঘাতে পরে উপজেলা সদরের একটি দোকানে কিছুদিন কাজ শিখে কাঁচাবাজার এলাকায় পুরোনো কাপড় সেলাইয়ের কাজ শুরু করেন। সেলাইয়ের কাজই হয়ে যায় তাঁর পেশা। 

গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক হাটের দিন। দুপুরে সদরের মেইন রোডে (কালীবাড়ি রোড) তাঁকে পুরোনা কাপড় সেলাই করতে দেখা যায়। 

ভারতেশ্বরী হোমসের এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলার বরদাম গ্রামের বাসিন্দা পরিমল সরকার মেয়ের সোয়েটারের চেইন লাগানোর জন্য দর কষছিলেন। ৩০ টাকায় চেইনটি লাগিয়ে দেওয়ার কথা বলছিলেন নিখিল চন্দ্র। 

পরিমল সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা ওনাকে দ্যাখতাছি। আগে দোফা বাজারে (কাঁচা বাজার) কাজ করতেন। এখন এইখানে। উনি থাকাতে অনেকের ভাল হইছে। দর্জির দোকানে চেন লাগাইতে গেলে সময় দ্যায় না। আবার টাকাও বেশি। আর ওনার কাছে কম টাকাতেই কাম করানো যায়।’ 

উপজেলার গোড়াকী গ্রামের হেলাল উদ্দিন এসেছেন মোটা আকারের প্লাস্টিকের কাগজ সেলাই করতে। তিনি ওই কাগজের উপর শর্ষে মাড়াই করবেন। অনেকটা সময় দর কষাকষি করে ১০০ টাকায় কাজটি করিয়ে নেন তিনি। 

বাজারের ব্যবসায়ী পুষ্প সাহা জানান, সারা দিন কাজ শেষ করে তিনি সেলাই মেশিনটি স্থানীয় একটি ভুসির দোকানে রাখতেন। প্রায় দুই বছর আগে কাজ শেষে মেশিন রাখতে গেলে স্তুপ করে রাখা ভূষির বস্তা তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্ট্রোক করে অচল অবস্থা হয়েছিল তাঁর। চিকিৎসা করিয়ে কোনরকমে সুস্থ হয়েছেন। তবে কথা স্পষ্ট বুঝা যায় না। স্ট্রেচারে ভর করে হেঁটে বাজারে আসেন। অন্যের সহায়তায় সেলাই মেশিন পাশের দোকান থেকে রাস্তার পাশে বের করেন। কাজ শেষে আবার ঢুকিয়ে রাখেন।

নিখিল বলেন, ‘ভিটা ছাড়া কিছুই নাই। কাম করলে আগে ডেইলি চার-পাঁচশ টাকা অইতো। অহন শরীর ভালো না। এক বেলা কাম করি। দ্যাড়-দুইশ ট্যাকা অয়। তাই দিয়ে বউ নিয়া চলতাছি। এক পুলা আছে ছোট। কোন কাম করে না। সরকারি স্যাহায্যও পাই না। কোন রকমে দিন কাটতাছে।’ 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, সরকারি নিয়মানুযায়ী তাঁকে সাহায্য দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।