অস্তিত্বসংকটে পাঁচটি খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার কামারখাল প্রায় দখল হয়ে গেছে। এই খাল দখলের ছবিটি গত শনিবার বিকেলে তোলা
প্রথম আলো

সুনামগঞ্জ শহরের উত্তর প্রান্তে সুরমা নদীর তীরে থাকা এলাকাটির নাম উত্তর আরপিননগর। এখান থেকে সুরমা নদীর একটি খাল শহরে প্রবেশ করে বিভিন্ন মহল্লায় সাপের মতো এঁকেবেঁকে একেবারে দক্ষিণ প্রান্তের জাওয়ার হাওরে গিয়ে পড়েছে। এটির নাম কামারখাল। এই খালে একসময় বড় বড় নৌকা চলত। সুরমার প্রবল স্রোতে বয়ে যেত শহরের মাঝখান দিয়ে। কিন্তু সেই খাল, সেই স্রোত আর নেই। দখলে-দূষণে অস্তিত্বহীন হয়ে পড়েছে কামারখাল। খাল কোথাও হয়েছে নালা, আবার কোথাও বড় বড় অট্টালিকার নিচে চাপা পড়ে হয়েছে অস্বিত্বহীন।

শুধু কামারখাল নয়, শহরের ভেতরে বিভিন্ন এলাকায় থাকা এ রকম আরও চারটি খালের একই অবস্থায়। খাল দখল ও ভরাট হওয়ায় সামান্য বৃষ্টি হলেই শহর পানিতে ভাসে। এ ছাড়া খালের মধ্যে পৌরসভার করা ছোট ছোট নালাগুলোতে জমে আছে ময়লা। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন মানুষ। অথচ এসব খালের দখলদার চিহ্নিত করে উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনদাবির পাশাপাশি হাইকোর্টের নির্দেশনাও আছে।

পৌরসভা ও প্রশাসনের তথ্য অনুযায়ী শহর ও শহরতলীতে সাতটি খাল আছে। এগুলো হলো বড়পাড়া খাল, তেঘরিয়া খাল, কামারখাল, বলাইখালী খাল, নলুয়াখালী খাল, ধোপাখালী খাল ও ঘাবরখালী খাল। এর মধ্যে পাঁচটির অবস্থা বেহাল। খালগুলো নানা কারণে ভরাটের পাশাপাশি দখল হয়ে গেছে। এসব দখলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষ আছে। একইভাবে খাল দখল করে গড়ে ওঠেছে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, কবরস্থান, একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

এবার চলতিমাসে ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দেওয়ার পর স্থানীয় মানুষজন আবারও এসব খাল উদ্ধারে সোচ্চার হন। শহরে মানববন্ধন, স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পৌর মেয়রকে। এর আগে গত ২০ জুন আদালতের আদেশের পরও কোনো উদ্যোগ না নেওয়ায় এই পাঁচটি খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়রসহ ১৪ ব্যক্তিকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। তাদের নোটিশে শহরের তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, কামারখাল, বলাইখালী খাল ও নলুয়াখালী খালের কথা উল্লেখ করা হয়েছে।

একদিকে দখল, অন্যদিকে ময়লার ভাগাড়ে নালায় পরিণত হয়েছে সুনামগঞ্জ শহরের বলাইখালী খাল। সম্প্রতি তোলা।
ছবি: প্রথম আলো

নোটিশে বলা হয়, এসব খালের দখলদারদের চিহ্নিত করে তাঁদের উচ্ছেদ এবং খালের প্রকৃত অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেলার পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা (১০৮১/২০২৩) করা হয়। আদালত এ বছরের ১২ ফেব্রুয়ারি শুনানি শেষে এসব খালের দখলদারদের তালিকা করে তাঁদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেন। কিন্তু এই আদেশের পরও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো শহরের তেহরিয়া ও বড়পাড়া খালের ওপর ড্রেন নির্মাণ করা হচ্ছে। যেটি আদালত অবমাননার শামিল।

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেছেন, ‘স্থানীয় মানুষজনের দাবি তো আছেই। আমরাও গত কয়েকবছর ধরে একই চেষ্টা করছি। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তবে পৌরসভা ও প্রশাসনের কর্মকর্তা বলছেন, তাঁরা এসব খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন। কামারখাল ও তেখরিয়া খাল উদ্ধারে মাপজোকের কাজ চলছে। দখলদারদের ৮৪ জনের একটি তালিকা করা হয়েছে।

সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরের বাসিন্দা আবু তাহের বলেন, খালগুলো দখল ও ভরাট হওয়ার কারণেই শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শহরকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে হলে খাল উদ্ধারের বিকল্প নেই।

তবে শহরের তেহরিয়ার বাসিন্দা এক কলেজছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই কাজটি বৃহত্তর স্বার্থে করতেই হবে। দখলের তালিকায় তো পৌর পরিষদের কারও কারও নামও আছে। প্রশাসনও আন্তরিক বলে মনে হয় না।

কামারখালটি শহরের যেসব এলাকায় পড়েছে সেটির বেশির ভাগই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন প্রথম আলোকে বলেন, ‘খাল দখলকারীদের তালিকায় আমার পরিবারের নাকি কারও কারও নাম আছে। কিন্তু এটি সত্য নয়। আমরা খালে নয়, আমাদের রেকর্ডিয় জায়গায় স্থাপনা করেছি। আমরাও চাই খালটি উদ্ধার হোক। এতে শহরবাসী উপকৃত হবেন। এ জন্য সব ধরনের সহযোগিতা করব।’

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, যে খালগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো স্বাধীনতার পর থেকেই নানাভাবে ভরাট, দখল, দূষণে এই অবস্থায় উপনীত হয়েছে। পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে এসব খাল চিহ্নিত, দখলকারীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এই পর্যায়ের কাজ শেষ হলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। এ জন্য পৌর নাগরিকদের সহযোগিতা লাগবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, তাঁরা এসব খাল উদ্ধারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।