শতাধিক ভবন পরিত্যক্ত

১১৫টি আবাসিক ভবনের মধ্যে মাত্র সাতটিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকছেন। চুরি হয়ে গেছে অনেক ভবনের দরজা-জানালা।

কুড়িগ্রামে উপসহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার) জন্য নির্মিত আবাসিক ভবনগুলো বেহাল। হলোখানা ইউনিয়নে সম্প্রতিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার) জন্য নির্মিত আবাসিক ভবনগুলো (কোয়ার্টার) অবহেলা ও অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কৃষি কর্মকর্তারা এসব ভবনে থাকেন না। ফলে চুরি হয়ে গেছে অনেক ভবনের দরজা-জানালা, দেয়ালের ইটসহ মূল্যবান উপকরণ। ভবনের প্রাঙ্গণ ঝোপ-জঙ্গল আর আবর্জনায় পূর্ণ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ব্লক সুপারভাইজারদের বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা বলা হয়। ১৯৮৮ থেকে ১৯৯৬ সালের মধ্যে ব্লক সুপারভাইজার (বিএস) কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য জেলার ৯ উপজেলায় প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১১৫টি বিএস কোয়ার্টার নির্মাণ করা হয়। মোট জমির পরিমাণ প্রায় ১৩ একর। একটি বিএস কোয়ার্টারে দুটি পরিবার থাকতে পারবেন। বর্তমানে সদর, নাগেশ্বরী ও রাজারহাট উপজেলার মাত্র ৭টি কোয়ার্টারে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা থাকছেন।

উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়ন বিএস কোয়ার্টার ঘুরে দেখা যায়, কোয়ার্টারে দুটি পরিবার বসবাস করছেন। তাঁদের একজন আমানত ব্যাপারী ও অন্যজন দীলিপ চন্দ্র শীল। আমানত ব্যাপারী বলেন, তিনি স্থানীয় বাজারে ব্যবসা করেন। আর দীলিপ চন্দ্র আছেন আট বছর ধরে।

আমানত ব্যাপারী বলেন, ধরলার ভাঙনে ভিটামাটি হারিয়ে পরিবার নিয়ে এই পরিত্যক্ত ভবনে এসে ওঠেন। সে সময় ভবন প্রাঙ্গণ ঝোপ-জঙ্গলে ভরা ছিল। অনেক রাত পর্যন্ত জুয়া ও মাদকসেবীদের আড্ডা হতো। সরকার চাইলে যে কোনো সময় তিনি ভবন ছেড়ে দিতে রাজি আছেন। তিনি বলেন, ‘এক যুগ ধরে এখানে বসবাস করছি, কখনো কোনো অফিসার আসেন নাই। এত সুন্দর বিল্ডিং বাড়ি অবহেলা ও অযত্নে ক্ষয়ে যাচ্ছিল, অনেক রুমের জানালা–দরজা চুরি হয়ে গেছিল।’

ধরণীবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘আমার বাড়ি এই ইউনিয়নেই। তা ছাড়া কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। তাই পরিবার নিয়ে বাস করি না।’ বিএস কোয়ার্টারে অন্য লোক বসবাস করে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না, স্যার জানেন।’

ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এরশাদুল হক বলেন, প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালন করেন। কিন্তু অধিকাংশ ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকেন না। পরিত্যক্ত এসব ভবন সংস্কার করে উপসহকারী কৃষি কর্মকর্তারা এখানে থাকলে কৃষকদের উপকার হতো।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট বাজার ও ভেরভেরিতে অবস্থিত দুটি বিএস কোয়ার্টার ঘুরে দেখা গেছে, একতলা দুটি ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খুলে পড়েছে। নেই দরজা-জানালার চৌকাঠ ও ইট। কোয়ার্টারের ভেতরে ঝোপ-জঙ্গলে পূর্ণ। কক্ষের ভেতরে স্থানীয় ব্যক্তিরা খড় রেখেছেন। কোনো কোনো কক্ষের মেঝেতে মলমূত্র ছড়িয়ে আছে। হলোখানা ইউনিয়নের বিএস কোয়ার্টারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লাগিয়েছেন নিজস্ব সংগঠনের কার্যালয়ের সাইনবোর্ড।

ভেরভেরি এলাকার বাসিন্দা নূর ইসলাম জানান, আগে এই বিএস কোয়ার্টারে ব্লক সুপারভাইজারেরা বসবাস করতেন। কৃষকেরা এখানে যে কোনো সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু ২০০০ সালের পর থেকে এই কোয়ার্টারে আর কেউ থাকেন না। নজরদারির অভাবে ভবনের দরজা-জানালা চুরি হয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, বিএস কোয়ার্টার সংস্কার না করায় তা ব্যবহার অনুপযোগী হয়ে যায়। ফলে সেখানে কৃষি কর্মকর্তারা বসবাস করতে চান না। তবে বিএস কোয়ার্টারে বসবাসের জন্য ফি বাবদ ৫০ টাকা করে ভাড়া প্রতি মাসে তাঁদের বেতন থেকে কাটা হয়।

বিপ্লব কুমার মোহন্ত আরও বলেন, জেলার নয়টি উপজেলায় ১১৫টি বিএস কোয়ার্টার রয়েছে। এর মধ্যে সাতটি ভবন জমির আগের মালিকেরা দখল করে নিয়েছেন। এ ছাড়া উলিপুর, ভূরুঙ্গামারী ও রাজারহাট উপজেলার সাতটি বেদখল হয়ে গেছে বলে তাঁদের কাছে তথ্য আছে। পরিত্যক্ত এসব কোয়ার্টার মেরামত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জানানো হবে। অন্য লোক বসবাস করেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।