বাবা–ভাইকে রক্তাক্ত দেখে ক্ষুব্ধ হন যুবক, পরে দ্বিতীয় দফার সংঘর্ষে নিহত
যশোরের ঝিকরগাছায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে আশিকুজ্জামান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুজ্জামান সোনাকুড় গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের প্যাথলজি বিভাগে কর্মরত ছিলেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আছির উদ্দিন ও তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের পরিবারের মধ্যে বাড়ির পাশের দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আছির উদ্দিন ও তাঁর বড় ছেলে আশরাফুজ্জামান (৫০) আহত হন।
জমিজমা নিয়ে বিরোধের জেরে আমার ভাই ফজলুর, নজরুল ও নজরুলের দুই ছেলে মিলে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।আছির উদ্দিন, আশিকুজ্জামানের বাবা
ঘটনার সময় আশিকুজ্জামান বাড়িতে ছিলেন না। রাতে কর্মস্থল থেকে ফিরে বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে দিবাগত রাত পৌনে একটার দিকে দুই পরিবারের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ফজলুর রহমান, তাঁর ভাই নজরুল ইসলাম এবং নজরুলের দুই ছেলে আরিফ ও মনিরুজ্জামান ঘরে থাকা দা দিয়ে আশিকুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার বিচার দাবি করে আশিকুজ্জামানের বাবা আছির উদ্দিন বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে আমার ভাই ফজলুর, নজরুল ও নজরুলের দুই ছেলে মিলে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
ময়নাতদন্তের জন্য আশিকুজ্জামানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।