নলছিটিতে প্রতিবেশীর ওপর হামলার জেরে স্থানীয়দের পিটুনিতে যুবকের মৃত্যু

মিলন হাওলাদারছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর ওপর হামলার ঘটনার পর এলাকাবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নলছিটি পৌরসভার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিলন হাওলাদার (২৮) নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বুধবার বিকেলে মিলন হাওলাদার প্রতিবেশী রিপন হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে এলেও মিলন পালিয়ে যান। আজ সকালে মিলন আবার এলাকায় এসে রিপন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই বিল্লাল হাওলাদারকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে পিটুনি দেন। এতে তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, ‘আমরা জানতে পেরেছি, বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন হাওলাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’