কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী
সেচের সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, সরকার নির্বাচনের সময় জনগণের সামনে যে উন্নয়ন পরিকল্পনাগুলো উপস্থাপন করেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার জাঙ্গাইল সুরমা নদী থেকে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের মাধ্যমে সিলেটসহ সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে সরকার।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নবনির্বাচিত সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনা মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের বংশীখাল খনন করা হবে।
খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, খালটির খনন শেষ হলে প্রায় ছয় হাজার হেক্টর কৃষিজমি সেচ–সুবিধার আওতায় আসবে। এর ফলে কৃষকেরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, তাঁদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
পরে বাণিজ্যমন্ত্রী বংশীখাল খননকাজের উদ্বোধন করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শেষে সিলেটে ফেরার সময় আজ দুপুরে গাড়ি থেকে আকস্মিক নেমে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানবাজারের বেশ কয়েকটি মুদিদোকান পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি মুদিদোকানে পেঁয়াজ, তেল, আলু, ডাল, ছোলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন। গ্রামীণ এ বাজারে পণ্যের দাম ‘স্থিতিশীল’ থাকায় বাণিজ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাজার পরিদর্শনের সময় কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেন। এ সময় ক্রেতারা জানান, এভাবে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন ইতিবাচক। কোনো ঘোষণা ছাড়াই এভাবে বাজার পরিদর্শনের কারণে সিন্ডিকেট করার কেউ সুযোগও পাবে না।
বাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।