অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের মশালমিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীসহ পাঁচজনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মশালমিছিল করে ছাত্র ইউনিয়ন সংসদ। সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে জিয়া মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে র‍্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মশালমিছিল করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। সোমবার রাত আটটায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল বের করেন সংগঠনের সদস্যরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিয়া মোড়ে এসে শেষ হয়। মিছিলে ‘নারী নির্যাতনে জড়িতদের, বহিষ্কার করো, করতে হবে’, ‘র‍্যাগিংকারীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইমানুল সোহান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের তথ্যের সত্যতা মিলেছে এবং তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা চাই, এ ঘটনায় যারা জড়িত, তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যদি স্থায়ী বহিষ্কার না করা হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। এ ছাড়া কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের শিকার হয়েছে। তাদেরও আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’