রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই পরীক্ষার্থীর নাম মুহাম্মদ রামিম (১৬)। সে স্থানীয় উরকিরচর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রামিম একই গ্রামের আরব আমিরাতপ্রবাসী আবদুস সবুরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে রামিম তার গ্রামের একটি পুকুরের ঘাটে নামে। এ সময় ওই পুকুরে থাকা একটি পানির পাম্পের তারে সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে রামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামিমের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উরকিরচর উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিলাস কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘রামিম মেধাবী ছাত্র ছিল। এসএসসির পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখনো ছয়টি ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। এর মধ্যে ছেলেটার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত।’
উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাউসার আলম প্রথম আলোকে বলেন, এক অনুষ্ঠানের আলোকসজ্জা করার জন্য ওই পুকুরে পাম্প বসানো হয়েছিল। ওই পাম্পের তারে জড়িয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উরকিরচর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।