আক্কেলপুর উপজেলা
সড়ক থেকে নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ
নারিকেলী গ্রামের দেড় কিলোমিটার সড়ক পাকাকরণে ১ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয় ধরা হয় হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক পাকাকরণে এক ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সরেজমিন পরিদর্শন শেষে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা।
উপজেলার রায়কালী ইউনিয়নের নারিকেলী গ্রামের দেড় কিলোমিটার সড়ক পাকাকরণে ১ কোটি ১৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয় ধরা হয় হয়েছে। বগুড়ার সান্তাহারের মের্সাস সাব্বির ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। গত ২০ জুলাই স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
৩০০ মিটার সড়কে নিম্নমানের খোয়া দেখতে পেয়েছি। ঠিকাদারকে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণ করতে বলেছি।
সড়কে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ পেয়ে গতকাল এলজিইডির জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন ও আক্কেলপুরের উপজেলা প্রকৌশলী রাকিব হাসান নারিকেলী গ্রামে যান। জানতে চাইলে আলাউদ্দিন হোসেন বলেন, ‘আজ (গতকাল) নারিকেলী গ্রামের সড়ক পাকাকরণ কাজ পরির্দশনে গিয়েছিলাম। দেড় কিলোমিটারের মধ্যে ৩০০ মিটার সড়কে নিম্নমানের খোয়া দেখতে পেয়েছি। ঠিকাদারকে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণ করতে বলেছি। নিম্নমানের খোয়া দিয়ে সড়ক পাকাকরণ কাজ করার কোনো সুযোগ নেই। নিম্নমানের খোয়া অপসারণ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সম্পর্কে ঠিকাদার জাহিরুল ইসলাম বলেন, ‘ওই সড়কের পুরোনো ইট ভেঙে খোয়া করা হয়েছে। সেই খোয়া সড়কে ফেলা হয়েছিল। নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ সঠিক নয়। নির্বাহী প্রকৌশলী আমাকে সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিতে বলেছেন। এখন তা অপসারণ করে নেওয়া হবে।’
নারিকেলী গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ মিটারে নিম্নমানের খোয়া ফেলা হয়েছে। প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন ভয় দেখিয়েছেন। এলজিইডির লোকজনও তদারকি করতে আসেন না। এ সুযোগে ঠিকাদার ইচ্ছামতো কাজ করছেন। তাঁরা নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের ছবি ফেসবুকেও দিয়েছেন।
রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘নারিকেলী গ্রামে সড়ক পাকাকরণের কাজ দেখেছি। ওই সড়কের কিছু অংশে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, ‘উপজেলায় এলজিইডির ৯৭টি সাইটে কাজ চলছে। সেই তুলনায় জনবল কম রয়েছে। ঠিকাদার আমাদের না জানিয়ে নারিকেলী গ্রামের সড়ক পাকাকরণকাজে নিম্নমানের ইটের খোয়া ফেলেছেন। তাঁকে নিম্নমানের খোয়া সরিয়ে নিতে বলা হয়েছে।