ঝিনাইদহে ছাত্রলীগের দুজন জখম ও তিনজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
ঝিনাইদহে ছাত্রলীগের দুজনকে কুপিয়ে জখম ও ধাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নয়ন মিয়া ও সংগ্রাম জোয়ার্দার।
শনিবার রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা।
জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা প্রথম আলোকে বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর নেতৃত্ব নিয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমেদের সঙ্গে কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল ইসলামের বিরোধ চলছিল। শুক্রবার সজীবসহ কয়েকজন বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে কথা বলতে ঝিনাইদহ শহরে যান।
সেখান থেকে তিনটি মোটরসাইকেলে করে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে জোহান পার্কের সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করেন।
আহত সজীবুল ইসলাম বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনিসহ দুজন গুরুতর আহত হন। হামলা থেকে বাঁচতে মুরাদ বিশ্বাসসহ তিনজন মোটরসাইকেলে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে আঠারো মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় গতকাল বিকেলে সজীবুল হাসান বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
নিহত মুরাদ বিশ্বাস কলেজ ছাত্র সংসদের ভিপি ও ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে, তৌহিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং সমরেশ বিশ্বাস যশোরের মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের রাখাল চন্দ্র বিশ্বাসের ছেলে।