ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কা, একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত চালকের নাম ওমর ফারুক (৩৬)। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ডোমন পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় তাঁর সহকারীও গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলছিল। ট্রাকটি ফেনী সদর উপজেলার রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চালকের সহকারী বর্তমানে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।