রাসায়নিক সার ছাড়াই চলছে আমন চাষ

রাসায়নিক সারের দাম বেশি। ঝামেলা থেকে বাঁচতে অনেকে এবার জীবামৃত সার, কেঁচো সার ব্যবহার করে আমন ধান চাষ করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন খেতে কেঁচো সার ও জীবামৃত ছিটাচ্ছেন কৃষক নজরুল ইসলাম। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর গ্রামে
ছবি: প্রথম আলো

মাঠজুড়ে সবুজের সমারোহ। শরতের নীল আকাশের নিচে মৃদু হাওয়ায় দুলছে আমন ধানের চারা। এর মধ্যেই একমনে কালচে দানাদার বস্তু ছিটাচ্ছিলেন কৃষক নজরুল ইসলাম। কাছে যেতেই স্পষ্ট হয়, সেগুলো দানাদার জৈব সার। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারকেই বেছে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর গ্রামের কৃষক নজরুল।

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধানের মৌসুম এলেই সার পেতে কৃষককে ঝক্কিঝামেলা পোহাতে হয়। অনেক সময় ব্যবসায়ীর কাছে ধরনা দিয়েও সার মেলে না। এ ছাড়া রাসায়নিক সারের দামও বেশি। ঝামেলা থেকে বাঁচতে তিনি এবার জীবামৃত সার, কেঁচো সার ব্যবহার করে আমন ধান চাষ করার সিদ্ধান্ত নেন। স্থানীয় উপজেলা কৃষি কার্যালয় থেকে এই দুই ধরনের সার তৈরির প্রশিক্ষণ নেন। এখন নিজের তৈরি সার নিজের জমিতে ব্যবহার করছেন তিনি।

জুলাই মাসের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমনের মৌসুম। কৃষক নজরুল ইসলাম জুন মাসে বিনা-১৭ জাতের ২০ কেজি ধানের বীজ সংগ্রহ করে বীজতলা তৈরি করেন। অন্যদিকে জমি তৈরির সময় প্রতি শতকে সাত থেকে আট কেজি কেঁচো সার মিশিয়ে দেন। ২৫ দিন পর বীজতলা থেকে চারা তুলে খেতে রোপণ করেন তিনি। রোপণের সাত দিন পর তিনি আট কেজি কেঁচো সারের সঙ্গে জীবামৃত মিশিয়ে ছিটিয়ে দেন। নিয়মিত পরিচর্যা পেয়ে ধানের চারা তরতর করে বাড়তে শুরু করে। এরপর ২০ ও ৩৫ দিনের মাথায় খেতে আবার কেঁচো সার ও জীবামৃত ছিটিয়ে দেন তিনি।

রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম ধানের খেতে কাজ করছেন। সেখানে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আমি খেতে কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না। এখন পর্যন্ত কোনো কীটনাশকও ছিটাতে হয়নি। সারসংকটের এই সময়ে আমন চাষে জীবামৃত আর কেঁচো সার ব্যবহার করে হয়রানি যেমন কমেছে, তেমনি খরচও অনেক কমেছে।’

রানীশংকৈল উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, উর্বর মাটিতে সাধারণত ৫ শতাংশ জৈব পদার্থ থাকে। এতে মাটিতে পানির ধারণক্ষমতা ও বায়ু চলাচলের সুযোগ বাড়ে। কিন্তু রাসায়নিক সারের অতিব্যবহারের কারণে দেশের বেশির ভাগ এলাকায় মাটিতে জৈব পদার্থের পরিমাণ মাত্র ১ শতাংশ। তাই মাটির উর্বরতা বাড়াতে জৈব সারের ব্যবহার অত্যন্ত কার্যকরী। সে জন্য রানীশংকৈলের ৫০০ ব্যক্তিকে কেঁচো সার ও জীবামৃত তৈরির প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি কার্যালয়। প্রশিক্ষণ পেয়ে তাঁরা নিজ নিজ বাড়িতে কেঁচো সার উৎপাদন করে তা বিক্রি করছেন। তাঁদের মধ্যে ৩৫ জন কৃষক নিজেদের তৈরি করা কেঁচো ও জীবামৃত সার নিজেদের জমিতে ব্যবহার করে ধান চাষ করছেন।

কৃষক নজরুল ইসলামের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানের একপাশে টিনের একটি চালার নিচে সিমেন্টের তৈরি ১০টি রিং রাখা আছে। এক বছর ধরে এসব রিংয়ে কেঁচো সার উৎপাদন করছেন তিনি। প্রতিটি রিংয়ে প্রায় দুই হাজার কেজি গোবর, শাকসবজির উচ্ছিষ্টাংশ, হাঁস-মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মিশ্রণ করা হয়। এরপর দেওয়া হয় কেঁচো। চটের বস্তা দিয়ে রিং ঢেকে রাখা হয়। কেঁচো সার প্রস্তুত হতে ২০-২২ দিন সময় লাগে। নজরুল জানান, এক মাসে তিনি ৫০০ কেজি কেঁচো সার তৈরি করেন। এতে মোট খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা।

কেঁচো সার ছাড়াও জীবামৃত সার তৈরি করেন কৃষক নজরুল। সেটি তৈরির প্রক্রিয়া হিসেবে তিনি বলেন, ২০০ লিটার পানিতে ১ কেজি চিটাগুড়, ১ কেজি বেসন গুলে তাতে ২০ কেজি গোবর ও ১০ লিটার গোমূত্র মিশিয়ে দিতে হয়। এরপর ৫০০ গ্রাম সাধারণ মাটি এই দ্রবণের সঙ্গে মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে একটি বড় পাত্রে রেখে ছায়াময় স্থানে ঢেকে রাখা হয়। দিনে তিনবার মিশ্রণটি নেড়ে দিতে হয়। এভাবে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সারটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। ২০০ লিটারের জীবামৃত দ্রবণ ১ একর জমির জন্য যথেষ্ট।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার ৪ লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল আজিজ বলেন, মাটিতে পানির ধারণক্ষমতা বাড়াতেও জৈব সার খুবই কার্যকর। জৈব সার ব্যবহার করে ধান চাষে আগ্রহী কৃষকদের পাশে তাঁরা আছেন বলে জানান তিনি।