বাংলাবান্ধা সীমান্তে বিএসএফ সদস্যদের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেছেন।
বুধবার দুপুর পৌনে একটার দিকে তিনি বাংলাবান্ধা শূন্যরেখায় এলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি জয় সিংসহ বিএসএফের কর্মকর্তারা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএসএফের একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘আমি মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করছি। এর ধারাবাহিকতায় আজ বাংলাবান্ধা আইসিপিতে আসা। এখান দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের দেশের বিভিন্ন পণ্য আমাদানি-রপ্তানি হয়। এ জন্য বাংলাবান্ধা দেশের একটি গুরুত্বপূর্ণ আইসিপি। এখানে আমরা বিজিবি ও বিএসএফ খুব ক্লোজলি কাজ করি।’
বর্তমানে বিজিবি ও বিএসফের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, ‘এ সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের দুই দেশের আন্তর্জাতিক সীমানার যেসব ছোটখাটো সমস্যা থাকে, সেগুলো সমাধান করতে সক্ষম হচ্ছি। দেশের যে ৪ হাজার ৪২৭ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে, এসব এলাকায় বাসিন্দাদের প্রতিনিয়ত আমরা স্থানীয় বিওপির মাধ্যমে সচেতন করার চেষ্টা করি, যাতে কেউ কোনো ভুল না করেন। এসব কাজে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করি। সারা দেশে প্রতিবছর আমরা প্রায় ২০ হাজারের ওপর এ ধরনের সচেতনতামূলক সভা করি। এগুলোর মাধ্যমে আগের তুলনায় সীমান্ত এলাকাগুলোর পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে।’
মাদকের বিষয়ে বিজিবি সব সময় জিরো টলারেন্স অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা সম্প্রতি টেকনাফে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ ধরেছি। এটা আমাদের বাহিনীর ধরা অনেক দিনের মধে৵ সবচেয়ে বড় চালান।’
এর আগে বিজিবি মহাপরিচালক ঠাকুরগাঁও সেক্টর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল ও পঞ্চগড়ের ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ, অপারেশনাল ব্রিফ গ্রহণ এবং সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধীনস্থ মাগুরমারী বিওপি পরিদর্শন করেন এবং সর্বস্তরের বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।