রুবায়েদ হুসেন সভাপতি, আনজাম পিয়াল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবায়েদ হুসেন ও আনজাম পিয়াল
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় সাত বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা সাপেক্ষে রুবায়েদ হুসেনকে সভাপতি ও আনজাম পিয়ালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়। দ্বিতীয় অধিবেশনে দীর্ঘ আলোচনা-সমঝোতা শেষে রুবায়েদ ও পিয়ালের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি রুবায়েদ উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আর সাধারণ সম্পাদক আনজাম তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক নাহিয়ান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী।

নেতা-কর্মীরা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর বোদা উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাদমান সাকিব পাটোয়ারী বলেন, সম্মেলনের আগের দিন রাত ১১টার পর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত করে চিঠি দেয়। এদিকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে জেলায় চলে আসেন। তাঁকে না জানিয়ে হঠাৎই এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রেলমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খানের মুঠোফোনে কথা বলেন। পরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।