ফরিদপুরে পরীক্ষক পরিচয়ে হলে ঢুকে মুঠোফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা, কারাদণ্ড
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক পরিচয় দিয়ে এলএলবি পরীক্ষার হলে ঢুকে দায়িত্বরত শিক্ষকের মুঠোফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করার দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজে ২০২০ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম নীহার রঞ্জন রায় (৩৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার গয়ারী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নীহার রঞ্জন নিজেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের কনিষ্ঠ কর্মকর্তা পরিচয় দিয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করতে হলে প্রবেশ করেন। এ সময় তিনি পরীক্ষার দায়িত্বে থাকা একজন শিক্ষকের কাছে মুঠোফোন চাইলে তাঁর সন্দেহ হয়।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীকে বিষয়টি অবহিত করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নীহার রঞ্জন রায়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘নিহার রঞ্জন রায় একজন প্রতারক। এর আগে সরকারি ইয়াছিন কলেজেও তিনি প্রতারণার আশ্রয় নিয়ে এক শিক্ষকের মুঠোফোন হাতিয়ে নিয়েছিলেন। বিষয়টি আমাদের জানা ছিল বলে এ ব্যাপারে আমরা আগে থেকে সতর্ক ছিলাম।’