জনগণের মনের সব প্রশ্নের উত্তর বিএনপির ২৭ দফায় আছে: ইকবাল হাসান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বুধবার দুপুরে তাঁর সিরাজগঞ্জের বাসভবনে
ছবি: প্রথম আলো

বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে কী দেবে, সেই প্রশ্ন আছে সবার মনে। জনগণের মনের সেই সব প্রশ্নের উত্তর বিএনপির দেওয়া ২৭ দফায় আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার সিরাজগঞ্জে ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুপুর ১২টায় পৌর শহরের হোসেনপুরে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন

ইকবাল হাসান মাহমুদ বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশ ঘিরে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল সরকার। সাধারণ জনগণ যেভাবে বিএনপির প্রতিটি বিভাগীয় সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাতে প্রমাণ হয়, জনগণ সর্বাত্মকভাবে তাঁদের সঙ্গে আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা দিয়েছি। সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে, তা ১০ দফার মধ্যে উল্লেখ আছে। আমরা ২৭ দফা দিয়েছি রাষ্ট্রকাঠামো মেরামত করতে। এই ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্রকাঠামো ভেঙে ফেলেছে, সেটাকে মেরামত করার জন্যই আমাদের ২৭ দফা। বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে কী দেবে, সেই প্রশ্ন সবার মনে আছে। জনগণের সেই সব প্রশ্নের উত্তর এই ২৭ দফায় আছে।’

আরও পড়ুন

দলীয় নেতা-কর্মীদের ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা দিয়ে বিএনপির এই নেতা বলেন, এ বিষয়ে তৃণমূলের সব মানুষকে বোঝাতে হবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিদ্যুতের দাম বর্তমানে এমনভাবে বেড়ে গেছে, শতকরা ১০০ জন মানুষ এর বিপক্ষে চলে গেছে। একটা সময় আসবে, যখন বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ থাকবে, কিন্তু ব্যবহারের মানুষ থাকবে না। মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না।’ তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের কোনো মাথাব্যথা নেই।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।