আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি নিতে বললেন রফিউর রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে মোমশিখা প্রজ্বালন অনুষ্ঠানে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে তাঁর স্বীকারোক্তি নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দাবি জানিয়েছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত আলোক প্রজ্বালন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

ত্বকী হত্যার পর থেকে প্রতি মাসের ৮ তারিখ এ হত্যার বিচার শুরু ও ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনের সহসভাপতি ধীমান সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, সহসভাপতি মুহাম্মদ সেলিম, উদীচী নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহিদুল হক, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান।

রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও সরকারের অঘোষিত ইনডেমনিটি বহাল রয়েছে। র‌্যাবের তৈরি করে রাখা অভিযোগপত্র ১০ বছরেও আদালতে পেশ করা হয়নি। যে আজমেরী ওসমানের টর্চারসেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে র‌্যাব অভিযোগপত্রে উল্লেখ করেছে, সেই আজমেরী ও তাঁর সহযোগীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। এখন আজমেরী অস্ত্রের লাইসেন্স চাচ্ছেন। এত দিন লাইসেন্স ছাড়া অস্ত্রে লাশের পর লাশ ফেলেছেন, এখন খুনের জন্য তাঁর সরকারের অনুমতি লাগবে। পুলিশ তদন্তপত্রে তাঁকে লাইসেন্স দেওয়ার জন্য সম্মতিও জানিয়ে দিয়েছে।

অভিযোগপত্রে নাম আসার পরও গ্রেপ্তার না করার উদাহরণ দেশে দ্বিতীয়টি নেই উল্লেখ করে রফিউর রাব্বি আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সরকার মানুষের বিচার পাওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, খেয়ে-পরে বেঁচে থাকার অধিকারসহ গণতান্ত্রিক সব অধিকার হরণ করেছে। ত্বকী হত্যার পাশাপাশি সাগর-রুনি, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠুসহ সব হত্যার বিচার দাবি করেন রফিউর রাব্বি।

আলোক প্রজ্বালন অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, ওসমান পরিবার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা নারায়ণগঞ্জকে অশান্ত করে চলেছে। নারায়ণগঞ্জের সব দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকটের হোতা এই ওসমান পরিবার। সদস্যসচিব হালিম আজাদ বলেন, ১০ বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে ত্বকী হত্যার বিচার করতে হবে।’

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত (ভ্রমর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর তাঁরই টর্চারসেলে হত্যা করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন