রাজবাড়ীতে ছাত্রলীগের নির্বাচনবিরোধী ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

ভিডিওতে ভোরের কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০–১৫ জন নেতা–কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। সম্প্রতি রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজবাড়ীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনবিরোধী একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার থেকে ভিডিওটি ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল ভোরের দিকে শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মিছিলটি করা হয়েছে।

প্রায় ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোরের কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০–১৫ জন নেতা–কর্মী মহাসড়কটিতে বিক্ষোভ করছেন। এ সময় সড়কে যানবাহন চলাচল করছিল এবং আশপাশের দোকানে বাতি জ্বলছিল। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নির্বাচন বয়কটের ডাক দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।

গতকাল শুক্রবার দুপুরে ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের ফেসবুক পেজসহ অনেক নেতা–কর্মী শেয়ার করেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামও ভিডিওটি শেয়ার করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জারে একাধিক বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ সম্প্রতি কাতার যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। তিনি বর্তমানে জেলা কারাগারে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করা ছাত্রলীগের এক নেতা বলেন, শুক্রবার ভোরে মিছিলটি করা হয়েছে। তাঁর দাবি, মিছিলে প্রায় অর্ধশত নেতা–কর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমাদের বার্তা হলো আওয়ামী লীগকে নিয়ে ভবিষ্যতে দেশে ভোট হতে হবে। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।’

জানতে চাইলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবৈধ সরকারের এক পক্ষের নির্বাচন আমরা মানি না। সে কারণেই ছাত্রলীগের নেতা–কর্মীরা ভোরে বড়পুল এলাকায় মিছিল করেছে। আওয়ামী লীগের নির্বাচনী ভূমিকা কী হবে, তা দু-চার দিনের মধ্যে স্পষ্ট হবে।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও নজরে এসেছে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ভোরের কোনো এক সময় মিছিলটি হয়েছে।