৫১ বছর বয়সে ছেলের সঙ্গে পরীক্ষা দেন বাবা, সফল দুজনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের বাবা সফের উদ্দিন মণ্ডল ও ছেলে আবুল কালাম এবার একসঙ্গে এসএসসি পাস করেছেন
ছবি: প্রথম আলো

সফের উদ্দিন মণ্ডল ৩৪ বছর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। পরীক্ষার ঠিক আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে মারামারি হয়। ওই ঘটনায় মামলা হয়। মামলার মীমাংসা করতে প্রতিপক্ষের পরিবারের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। সেবার পরীক্ষা দিতে পারেননি তিনি। এত বছর পর তিনি সুযোগ পেয়ে পরীক্ষা দেন। ছোট ছেলেও পরীক্ষা দিয়েছিল। বাবা-ছেলে দুজনই পাস করেছে।

সফের উদ্দিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তাঁর বয়স এখন ৫১ বছর। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে ছোট ছেলে মো. আবুল কালাম এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। বাবা পরীক্ষা দিয়েছিলেন নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখা থেকে। আর ছেলে বাঘা উপজেলার খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল। বাবা পেয়েছেন জিপিএ–৪ দশমিক ৬১। আর ছেলে পেয়েছে জিপিএ–৪ দশমিক ০৬।

সফের উদ্দিন একজন কৃষক। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে হাজেরা খাতুন ও বড় ছেলে আবদুস সালাম এইচএসসি পাস করেছেন। মেয়ের বিয়ে দিয়েছেন। দুই ছেলে পড়াশোনা করছে। বাবার সাফল্যে খুশি ছেলে মো. আবুল কালাম।

মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, তাঁর শিক্ষকতা জীবনে সফের উদ্দিনের মতো ছাত্র কোনো দিন পাননি। ৫১ বছর বয়সে তিনি এসএসসি পাস করলেন। তাঁর পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল। পারিবারিক সমস্যার কারণে এত দিন সেটি হয়নি। এবার তিনি সফল হয়েছেন।

সফের উদ্দিন বলেন, প্রতিপক্ষের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হলেও পড়াশোনা থেমে গেল। সংসার শুরু করলেন। তিন ছেলেমেয়ের জন্ম হলো। তাদের পড়াশোনা শুরু হলো। সবকিছু মিলিয়ে পরীক্ষা দিতে পারেননি। এত দিন পর সেই ইচ্ছাপূরণ এবং তাতে সাফল্য পেয়ে তিনি খুবই খুশি। আরও পড়ার ইচ্ছা আছে তাঁর।