বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না: বিএনপিকে পরওয়ার

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার বিকেলে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনেছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না।’

রোববার বিকেলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমানের (সোহেল) নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, বিএনপি ক্ষমতায় থাকাকালে ১৯৯৪ সালে মাগুরা-২ আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এরপর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে।

বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন দলটি জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফল মেনে নিয়ে ক্ষমতায় গেলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যেসব সংষ্কার প্রয়োজন, বিএনপি সেসব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যসিবাদী শাসনের দিকেই এগোচ্ছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীসহ ১১ দল জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।

অনুষ্ঠানে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল আজিজ উন্নয়ন পরিকল্পনা পাঠ করে শোনান।