মিরসরাইয়ে কৃষকের পা বাঁধা লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের ক্ষত
চট্টগ্রামের মিরসরাইয়ে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে কৃষিজমিতে ওই কৃষকের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি একই গ্রামের আমিনুল হকের ছেলে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাঁকে হত্যার পর লাশ ওই জমিতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে আমরা তদন্ত করছি।’
নিহতের বড় বোন আলেয়া বেগম বলেন, তাঁর ভাই কৃষি কাজের পাশাপাশি সেচ মেশিন ভাড়া দেওয়ার কাজ করতেন। ও সেচ দিয়ে বিভিন্ন কৃষকের জমিতে পানি দেওয়া হতো। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁরা দুই প্রতিবেশীকে সন্দেহ করছেন। দুদিন আগে ওই প্রতিবেশীর সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়েছে। তিনি এ ঘটনায় বিচার চান। তাঁরা থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন।