সাংবাদিক রব্বানি হত্যা মামলায় ৩ আসামির জামিন নামঞ্জুর

সাংবাদিক গোলাম রব্বানি
ছবি: সংগৃহীত

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন রুবেল মিয়া, মো. আবু সাঈদ ও রফিকুল ইসলাম। তাঁরা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তাঁরা এলাকায় আসেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসূফ আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার ওই তিন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তাঁরা আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসেছিলেন। একই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ওই তিন আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আদালত রিমান্ডের আবেদন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম রব্বানি ওরফে নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। ঘটনার পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলমকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।