চলতি মৌসুমে মাত্রাতিরিক্ত গরমে সমতলের চায়ের কুঁড়ি নষ্ট হওয়ার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন?
আমির হোসেন: এবারের মৌসুমে অনাবৃষ্টি আর প্রচণ্ড গরমে সমতলের চা চাষ এবং উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। বিষয়টি চা বোর্ড থেকে পর্যবেক্ষণের পাশাপাশি চাষিদের নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সোম ও মঙ্গলবার রাতে কিছুটা বৃষ্টি হয়েছে। আশা করছি, বৃষ্টি হলে চাষিদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
গরমের প্রভাবে চা–চাষিরা এবার কী ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন? চায়ের উৎপাদনে এর কোনো প্রভাব পড়বে কি?
আমির হোসেন: রোদের তাপে চা-গাছে লাল মাকড়সা, থ্রিপস, লুপারসহ বিভিন্ন পোকার আক্রমণ বেড়েছে। এতে কাঁচা চা-পাতার উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ ছাড়া এসব রোগবালাইয়ের আক্রমণ থেকে বাগান বাঁচাতে চাষিদের অতিরিক্ত কীটনাশক ছিটানো ও সেচ দিতে গিয়ে খরচ বেড়েছে। এবার এপ্রিল মাসজুড়ে সবচেয়ে বেশি গরম ছিল। গত বছরের এপ্রিল মাসে উত্তরাঞ্চলে ৪২ লাখ ৭৪ হাজার ৫৪৫ কেজি কাঁচা চা–পাতা থেকে ৮ লাখ ৫৪ হাজার ৯০৯ কেজি চা (তৈরি চা–পাতা) উৎপাদন করা হয়েছিল। তবে চলতি মৌসুমের এপ্রিল মাসে প্রায় ২০ লাখ কেজি কাঁচা চা–পাতা থেকে প্রায় চার লাখ কেজি চা (তৈরি চা–পাতা) উৎপাদন করা হয়েছে।
সমতলে চা চাষের জন্য কেমন তাপমাত্রা সহনীয়? কী পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন?
আমির হোসেন: সমতলে চা চাষের জন্য ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। কিন্তু এবারের মৌসুমে আমরা বেশির ভাগ সময় এই এলাকায় ৩৫ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করতে দেখেছি। চা চাষের জন্য বছরে দুই হাজার মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। সে তুলনায় এবার আমরা সামান্য পরিমাণে বৃষ্টিপাত পেয়েছি।
গরমে চায়ের উৎপাদন ধরে রাখতে চাষিরা কী ধরনের পদক্ষেপ নিতে পারেন?
আমির হোসেন: এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চাষিদের অবশ্যই চা–বাগানে ছায়াবৃক্ষ হিসেবে কড়ই ও শিরীষ গাছ লাগাতে হবে। চা–বাগানে স্প্রিংক্লার ইরিগেশন সেচের মাধ্যমে সেচ দিতে হবে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ ছাড়াও খরচ কমাতে জৈব পদ্ধতির সমন্বিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। এ ছাড়া পোকামাকড় দমনে আলোর ফাঁদ ও হলুদ ট্র্যাফ পদ্ধতি ব্যবহার করতে হবে। মাত্রাতিরিক্ত সার প্রয়োগ না করে পরিমিত সার প্রয়োগ করতে হবে।
চা–চাষিদের এই সংকটকালে চা বোর্ড কীভাবে চাষিদের পাশে দাঁড়িয়েছে?
আমির হোসেন: গরমের কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের নানা রকম পরামর্শ দিয়ে পাশে আছে চা বোর্ড। ক্যামেরিয়া খোলা আকাশ স্কুলের মাধ্যমে বিভিন্ন এলাকার চা–চাষিদের জন্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। এ এলাকার বেশির ভাগ ক্ষুদ্র চা–চাষি যেহেতু আর্থিকভাবে কম স্বাবলম্বী, সে জন্য তাঁদের চা–বাগানে স্প্রিংক্লার ইরিগেশনের মাধ্যমে সেচ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে কিছু সেচযন্ত্র চাওয়া হয়েছে।