ফেনীতে ভয়াবহ বন্যায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার সকালে ফেনী ও দাগনভূঞায় বন্যার্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের সময় এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আবদুল আউয়াল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যার্তদের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি আমাদের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন, যত দিন না পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত হবে, তত দিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়।’
আজ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও আশ্রয়কেন্দ্রগুলোয় বন্যার্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য এল রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সম্রাট, সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাজু, হাবিব প্রমুখ।
এর আগে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর বন্যার্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি ছিলেন।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রশিক্ষণ–বিষয়ক সম্পাদক রাহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।