বাহারি পদের চা বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন শাহ আলম
একসময় হোটেলশ্রমিকের কাজ করতেন দৈনিক মজুরির বিনিময়ে। সেই মজুরির টাকা বাঁচিয়ে মৌসুমি ফলের ব্যবসাও করেছেন। চুক্তি ভিত্তিতে দোকানের কর্মচারীর কাজ করে সংসার চালিয়েছেন। কখনো থেমে থাকেননি শাহ আলম (৫২)। দুই বছর ধরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে দোকান ভাড়া নিয়ে বাহারি পদের চা বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছেন।
শাহ আলমের দোকানে এখন ২৫ পদের চা পাওয়া যায়। প্রতিদিন তাঁর ১২ থেকে ১৩ হাজার টাকার শুধু চা বিক্রি হয়। লেখাপড়া না করলেও নিজ প্রচেষ্টায় উদ্যোগ নিয়ে বদলে ফেলেছেন জীবনের মোড়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আশরতপুর কোটপাড়া এলাকায় শাহ আলমের বাড়ি। থাকেন পৈতৃক বাড়িতেই। সংসারে অভাব ও টানাপোড়েনের কারণে লেখাপড়া করতে পারেননি। এরপরও পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। সংসারে স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে। মেয়ের বিয়ে দিয়েছেন। আর ছেলে রংপুর জিলা স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উল্টো দিকে পার্কের মোড়ে শাহ আলমের চায়ের স্টল। দোকানের নাম দিয়েছেন ‘শাহ আলম টি অ্যান্ড কফি হাউস’। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর দোকানে দেখা গেল চা পান করতে আসা মানুষের ভিড়। ব্যস্ত সময় পার করছিলেন তিনি। কথা বলারও সময় নেই। কাজের ফাঁকে তাঁর সঙ্গে কথা হলো। শাহ আলম জানান, মানুষের কাছে হাত না পেতে নিজে কিছু করার অদম্য ইচ্ছা ছিল তাঁর। মানুষের দোকানে দোকানে কাজ করেছেন। মৌসুমি ফলের ব্যবসাও করেছেন। কখনো কারও কাছে হাত পাততে হয়নি তাঁকে। তবে চায়ের দোকানটি দিতে একটি এনজিও থেকে ঋণ করেছেন।
শাহ আলমের চায়ের দোকানে ২৫ পদের চা প্রতি কাপ ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে চায়ের কাপ ও অন্যান্য পাত্র হলো মাটির। বাটার চা, তন্দুরি চা, চকলেট চা, হরলিকস চা, মেশিন চা, স্ট্রবেরি চা, মালাই চা, বাদাম চা, মটকা চা তাঁর দোকান থেকে বেশি বিক্রি হয়।
রংপুর নগরের পার্কের মোড়ে মাসে পাঁচ হাজার টাকায় একটি দোকানঘর ভাড়া নিয়ে চায়ের ব্যবসা করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্থানে থেকে তাঁর চায়ে চুমুক দিতে ছুটে আসেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নিত্য ঘোষ বলেন, ‘চায়ের বৈচিত্র্য নিয়ে ব্যবসা করছেন তিনি (শাহ আলম)। একটু ভিন্ন স্বাদ পেতে আমরাও যেমন চা পান করতে ছুটে আসি, তেমনি শহর থেকেও অনেকে এসে থাকেন এখানে চা পান করতে। তবে সবচেয়ে বড় কথা হলো, তিনি হয়েছেন উদ্যোক্তা।’
শাহ আলমের চায়ের দোকানে ২৫ পদের চা প্রতি কাপ ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে চায়ের কাপ ও অন্যান্য পাত্র হলো মাটির। বাটার চা, তন্দুরি চা, চকলেট চা, হরলিকস চা, মেশিন চা, স্ট্রবেরি চা, মালাই চা, বাদাম চা, মটকা চা তাঁর দোকান থেকে বেশি বিক্রি হয়। এখানে চা পান করতে ছুটে এসেছিলেন সাংস্কৃতিক কর্মী ও কবি মাহমুদ নাসির। তিনি বলেন, দিন বদলে যাচ্ছে। মানুষের রুচিরও পরিবর্তন হচ্ছে। তাই একটু ভিন্ন স্বাদের জন্য শহরের কোলাহলময় জীবন থেকে মুক্ত এলাকায় এই চা পান করতে ছুটে আসা।
প্রতিদিন চা বিক্রি হয় প্রায় ১২ হাজার টাকার। তবে শুক্রবার আরও বেশি বিক্রি হয়। চা বিক্রি করে সংসারের খরচসহ ছেলের পড়াশোনার খরচ চলছে।
শাহ আলম বলেন, প্রতিদিন চা বিক্রি হয় প্রায় ১২ হাজার টাকার। তবে শুক্রবার আরও বেশি বিক্রি হয়। চা বিক্রি করে সংসারের খরচসহ ছেলের পড়াশোনার খরচ চলছে। একটি এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে হয়। দিতে হয় মাসে পাঁচ হাজার টাকা দোকানভাড়া। সেই সঙ্গে দোকানে তিনজন কর্মচারীর বেতনও পরিশোধ করতে হচ্ছে। তিনি আরও বলেন, অনেক কষ্ট আর পরিশ্রম করে এ পর্যায়ে এসেছেন। আগে ভাত খাওয়ার টাকাও ছিল না। তবে কারও কাছে হাত না পেতে নিজে কিছু করার চেষ্টা করেছেন। একসময় এই ছোট্ট দোকান থেকে অনেক বড় এবং নিজের দোকান করার স্বপ্ন আছে তাঁর।