নারায়ণগঞ্জকে টার্গেট করা হয়েছে: শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার রাতে শহরের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জকে টার্গেট করা হয়েছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও ঢাকা এই চার জায়গা অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে অস্থিতিশীল করার চেষ্টা করা হলেও আমরা পরিস্থিতি মোকাবিলা করব।’

বৃহস্পতিবার রাতে শহরের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহনিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী অনুপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান ২৩ ও ২৪ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ত্যাগীদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি, ত্যাগীদের মূল্যায়ন করেন। মাথা থেকে পা পর্যন্ত যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁদের মূল্যায়ন করেন। এটা আমার সোজা, খাস বাংলা কথা। মূল্যায়ন মানে শুধুই পদ-পদবি বা টাকা নয়, শ্রদ্ধা দেন, ভালোবাসা দেন।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমাদের প্রশাসন, র‌্যাব, পুলিশ, বিজিবি আমাদের গর্ব। ভালো–খারাপ সব জায়গায় আছে। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কী কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সেদিন আমাদের সেনাবাহিনীর তিনজন শহীদ হয়েছেন। তাঁরা সারা বিশ্বের শান্তির জন্য লড়াই করতে গিয়েছিলেন। তাহলে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, শামীম ওসমান তাঁর গত ২৭ আগস্টের জনসভা সফল হওয়ায় তৃণমূল নেতা–কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছিলেন।

আওয়ামী লীগের তৃণমূল নেতা–কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের কথা বলা হলেও এ বিষয়ে কিছুই জানেন না জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। এ বিষয়ে তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তিনি কোনো দাওয়াত পাননি।