১৪ বছর পর পড়াশোনায় ফিরে ইউপি সদস্যের এসএসসি পাস
ব্যবসা, সংসারসহ নানা ব্যস্ততায় ১৪ বছর আগে থামিয়ে দিতে হয়েছিল পড়াশোনা। এর মধ্যে হয়েছেন জনপ্রতিনিধি। তবে পড়াশোনার প্রতি টান ছিল মনের ভেতর। সেই টান থেকে আবার ফেরেন ক্লাসরুমে। সাফল্যও পেয়েছেন। আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৪৩। এই সাফল্যের গল্প গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মৃধার (৩৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম কওমি মাদ্রাসা থেকে ২০০৮ সালে হাফেজ হন। এরপর আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে ভর্তি হন। এক বছরের মাথায় ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দেন। গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।
পরে ২০২১-২২ সেশনে গাজীপুরের শ্রীপুরের সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে ড্রেস মেকিং ট্রেডে ভর্তি হন। ২০২৩ সালে পুবাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসএসসি ভোকেশনাল (কারিগরি শিক্ষা) পরীক্ষায় অংশ নেন।
শামীম মৃধার সঙ্গে আলাপ করে জানা যায়, তাঁরা পাঁচ ভাই ও দুই বোন। তিনি পরিবারের সবার বড়। তাঁর ছোট ভাই মেডিকেল কলেজে পড়াশোনা করে চিকিৎসক হয়েছেন। অন্য ভাইদের মধ্যে একজন কম্পিউটার বিজ্ঞানে, একজন আইন বিষয়ে পড়াশোনা করছেন। সবার ছোট ভাই একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। বোনেরা মাদ্রাসায় অধ্যয়নরত। ২০১৭ সালে হঠাৎ শামীম মৃধার বাবা মারা যান। এরপর পুরো পরিবারের দায়িত্ব পড়ে তাঁর ঘাড়ে।
পরিবার, ব্যবসা ও জনপ্রতিনিধিত্ব সামলে পড়াশোনার আগ্রহ সম্পর্কে শামীম মৃধা প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট মাপকাঠি প্রয়োগ হতে পারে। সম্প্রতি এমন আলোচনাও উঠেছিল। তাই ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে বাধা দূর করতে তিনি পড়াশোনায় আগ্রহী হন। এ ছাড়া ভাই-বোনদের মধ্যে সবাই পড়াশোনায় তাঁর চেয়ে এগিয়ে। নিজেকে আরও যোগ্য করার ইচ্ছাও নতুন করে পড়াশোনায় তাঁকে উদ্যোগী করে তোলে।
পড়াশোনায় ১৪ বছর বিরতির পর জনপ্রতিনিধি থাকা অবস্থায় এসএসসি পরীক্ষায় পাস করায় প্রশংসায় ভাসছেন শামীম। পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ও মনোযোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। মাওনা ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ইচ্ছা থাকলে শিক্ষা অর্জনের জন্য বয়স কিংবা ব্যস্ততা কোনো বাধা হতে পারে না। শামীম মৃধা তাঁর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েছেন। একই ওয়ার্ডের মোফাজ্জল হোসেন বলেন, মাদ্রাসা থেকে হাফেজ হওয়ার পর তিনি সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছেন। তিনি চেষ্টা করে বিজয়ী হয়েছেন। এটা সমাজে একটি উৎসাহব্যঞ্জক উদাহরণ সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘একজন জনপ্রতিনিধির এই চেষ্টা অন্যদের জন্য অনুকরণীয় হবে। তাঁর এই চেষ্টা ও সফলতাকে অবশ্যই সাধুবাদ জানাই।’