সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জে সাংবাদিককে মারধর
সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জে এক সাংবাদিককে মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকের নাম আমিনুল ইসলাম। তিনি যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি।
হামলাকারী যুবক যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর নির্মাণকাজের অনিয়ম নিয়ে গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে একটি সংবাদ প্রচারিত হয়। এ বিষয়ে আজ ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে যান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদাসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তদন্তের প্রয়োজনে ঘটনাস্থলে আমিনুল ইসলামকেও ডাকা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে আমিনুল আরও বলেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার সময় প্রচারিত সংবাদের বিষয়ে তাঁর সঙ্গে খায়রুল হুদার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেলে করে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা–কর্মী সেখানে উপস্থিত হন। পরে কথা–কাটাকাটির বিষয়টি খায়রুল হুদা মিটমাট করে আমিনুলকে নিজের গাড়িতে করে সেখান থেকে নিয়ে আসেন। পেছনে মোটরসাইকেলে করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও আসেন। শহরে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে আমিনুল ওই গাড়ি থেকে নেমে অন্য একটি মোটরসাইকেলে ওঠার সময় সজীব নামের এক যুবক তাঁর ওপর হামলা চালান। আমিনুলকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন।
ঘটনাস্থলে থাকা অপর এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আমিনুল ইসলাম গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে ওঠার সময় এক যুবক তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে অন্য ব্যক্তিরা ওই যুবককে সরিয়ে দেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মারধরের শিকার আমিনুল। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, আমার ওপর হামলার বিষয়টি পরিকল্পিত ছিল। সংবাদ প্রচারের জের ধরেই এ হামলা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
আমিনুল ইসলাম হামলার বিষয়টি মৌখিকভাবে থানা–পুলিশকে জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সাংবাদিক আমিনুল ইসলাম বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে এই প্রকল্পের কোনো সম্পৃক্ততা নেই। আমরা প্রয়োজনে কর্মকর্তাদের সহযোগিতা করে থাকি। আমি তাঁকে (আমিনুল) বলেছিলাম, আরও যাচাই-বাছাই করে সংবাদ করলে ভালো হতো। এ কথাতেই তিনি তর্ক জুড়ে দেন। বিষয়টি সেখানেই মীমাংসা করে আমি নিজে তাঁকে আমার গাড়িতে করে শহরে নিয়ে এসে নামিয়ে দিই। পরে কী হয়েছে, আমি জানি না।’