নাজিরপুরে বিস্ফোরক আইনে বিএনপির আট নেতা–কর্মী কারাগারে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, বিএনপি কর্মী আলতাফ হোসেন, ছাত্রদলের কর্মী রাজু সরদার, নাজমুল মোল্লা, রাজু মোল্লা, রুমন হাওলাদার ও সফিক শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হন। হামলায় আহত আওয়ামী লীগের ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর রাতে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানকে প্রধান আসামি করে ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন।
রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির হোসাইনের আদালতে ওই মামলার আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আকন এ তথ্য নিশ্চিত করেন।