রাঙামাটিতে দুর্গম ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি

সিসিটিভি ক্যামারা লাগানোর পর পরীক্ষা করে দেখছেন ভোটগ্রহণ কর্মকর্তা শিক্ষক আলিম উল্যা। আজ দুপরে রাঙামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েছবি: সুপ্রিয় চাকমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে না। পাহাড়ে দুর্গম ৪৩টি কেন্দ্রে এ সুবিধা যুক্ত করেনি নির্বাচন কমিশন। জেলার বাকি কেন্দ্রগুলোও সব সিসিটিভি ক্যামেরা স্থাপন এখনো শেষ হয়নি।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৭০ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলোতে সিসিটিভি থাকছে না। দুর্গম এলাকা ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরেজমিনে রাঙামাটি পৌরসভার ছয়টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর অস্থায়ী চৌকি তৈরি করা হচ্ছে। উপজেলার যেসব কেন্দ্রে সিসিটিভি দেওয়ার কথা, সেসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ চলছে। তবে আজ মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত সব কেন্দ্রে সেগুলো স্থাপনের কাজ শেষ হয়নি।

শহরের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রেস্টহাউস ভোটকেন্দ্রে কথা হয় সিসিটিভি স্থাপনকারী প্রতিষ্ঠান ট্যাকভ্যালির মালিক মো. হালিম শেখের সঙ্গে। তিনি বলেন, সদর উপজেলার ৩১টি ভোটকেন্দ্রে ১৬৮টি সিসিটিভি বসানোর দায়িত্ব তিনি পেয়েছেন। ২৭টি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন কার্যক্রম শেষ হয়েছে। বাকি ৪টি কেন্দ্রের কাজ চলছে।

ওয়াপদা রেস্টহাউস ২ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো কার্যক্রম চলমান। এই দুই কেন্দ্রের একটি নারীদের জন্য, আরেকটি পুরুষদের।

রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের ১ নম্বর ভোটকেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ১৭৭ ও ২ নম্বর ভোটকেন্দ্রে নারী ভোটার রয়েছেন ২ হাজার ৯৫৭ জন।

১ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা শাক্য উজ্জ্বল চাকমা বলেন, পাঁচটি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে চারটি কক্ষে সিসিটিভি বসানো হয়েছে। বাইরে একটি, কন্ট্রোল রুমে একটি সিসিটিভি বসানো হয়েছে। একটি ভোটকক্ষে সিসিটিভি বসানো হয়নি। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আরেকটি কক্ষে সিসিটিভি বসানো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন প্রথম আলোকে  বলেন, সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ৩১টি ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে। বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলোতে সিসিটিভি বসানো সম্ভব নয়। ৮ জানুয়ারি থেকে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী প্রথম আলোকে বলেন, সব কেন্দ্রে সিসিটিভি বসানো সম্ভব হয়নি। যেসব কেন্দ্রে সিসিটিভি বসানো সম্ভব হয়নি, সেখানে দায়িত্বরত বিজিবি, পুলিশের সঙ্গে বডি–ওর্ন ক্যামেরা রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ ও হিজড়া ২ জন।