উঁচু সীমানাপ্রাচীরের ভেতর আটকা কুকুর উদ্ধার করলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা

সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার উঁচু দেয়ালঘেরা স্থানে তিন দিন আটকে ছিল কুকুরটিছবি: প্রথম আলো

বেসরকারি একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার এলাকার উুঁচ সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা স্থানে ঢুকে পড়ে একটি কুকুর। চারদিকে পাকা দেয়ালে ঘেরা ওই স্থানের প্রাচীরের ফটক ছিল তালাবদ্ধ। চাবি ছিল না কারও কাছে। তিন দিন ধরে খাবার নেই, অসহায় অবস্থায় ছিল আটকে পড়া কুকুরটি।

পরে এলাকার এক যুবক কুকুরটিকে দেখে খবর দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। তিনি ভিডিও দেখে কুকুরটি উদ্ধারে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কুকুরটিকে উদ্ধার করেন। সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার ঘটনা এটি। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে কুকুরটিকে উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, বড়পাড়া এলাকার পৌর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির টাওয়ার রয়েছে। এলাকাটি উুঁচ দেয়ালে ঘেরা। সেখানে কোম্পানির কোনো লোক নেই। ওই টাওয়ার এলাকার সীমানাপ্রাচীরের ভেতরে তিন দিন আগে একটি কুকুর ঢুকে পড়ে। এরপর আর বের হতে পারছিল না। শুধু এক ফাঁক দিয়ে মাথা বের করে রেখেছিল।

এলাকার মোবারক হোসেন নামের এক যুবক কুকুরটির এই অবস্থা দেখে তাঁকে গতকাল সন্ধ্যায় বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি বুঝতে একটি ভিডিও ফুটেজ আনেন। কথা বলেন ফায়ার সার্ভিস স্টেশনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে সেখানে যান তিনি। ওই প্রতিষ্ঠানের কোনো লোককে না পেয়ে ফটকের তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেন তাঁরা।

মোবারক হোসেন বলেন, ‘সীমানাপ্রাচীরটি বেশ উুঁচ। এর ভেতরে কুকুরটি কীভাবে ঢুকল, বুঝতে পারছি না।’ তাঁর এক আত্মীয় কুকুরটির এই অবস্থা তাঁকে দেখালে তিনি থানায় যোগাযোগ করেন। মোবারক আরও বলেন, ‘থানার ওসি সাহেব তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে কুকুরটি উদ্ধার করেছেন। তাঁর এমন মানবিকতায় আমরা খুশি।’
ওসি রতন শেখ বলেন, ‘ওই প্রাচীরের ভেতরে পানি ছিল। একটু শুকনা জায়গায় কুকুরটি দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে কেবল মাথাটি বের করে রেখেছিল। আমরা ওই প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেছি।’