ফরিদপুর-১: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

বিএনপির লোগো

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ যাচাই–বাছাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারাদেশ ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বহিষ্কৃত নেতারা হলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া (ঝুনু), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ আছে, তাঁরা দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করে ভিন্ন অবস্থান নেন।

বহিষ্কৃত ব্যক্তিদের একজন শামসুদ্দিন মিয়া ওই আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে মনোনয়নপত্র বাছাইকালে এক ভাগ ভোটারের স্বাক্ষরের শর্ত পূরণ না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংগঠন কঠোর অবস্থানে আছে। যাচাই–বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।