২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার

মধুভরা চাক হাতে মৌচাষি সাদ্দাম হোসেন। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের মাটির রাস্তার দুই পাশে সবজির খেত আর বরইবাগান। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি ছোট কাঠের বাক্স। প্রতিটির গায়ে ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে মৌমাছি কখনো ঢুকছে, কখনো বেরিয়ে আসছে। চারপাশে গুঞ্জন। বাইরে থেকে সাধারণ বাক্স মনে হলেও ভেতরে গড়ে উঠেছে মৌমাছির সংসার, জমছে মধু।

গত শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে দেখা গেল এমন দৃশ্য। বাক্সের পাশে দাঁড়িয়ে ছিলেন মৌচাষি সাদ্দাম হোসেন। একটি বাক্স খুলে বের করলেন মৌচাকের ফ্রেম (মৌমাছি যে কাঠামোয় চাক তৈরি করে)। ফ্রেমজুড়ে তখনো অসংখ্য মৌমাছির আনাগোনা। কাগজের টুকরায় আগুন জ্বালিয়ে চাকের কাছে ধোঁয়া দিলেন তিনি। তাঁর ছোট ভাই ফরহাদ হোসেন আলতো করে মৌমাছিগুলো বাক্সের ভেতরে ঝেড়ে ফেললেন। এরপর চাকের মধু ভরা অংশ কেটে একটি পাত্রে রাখলেন সাদ্দাম।

আমের ফুলের মৌসুমে একটি মৌ বাক্স থেকে প্রায় তিন কেজি মধু পাওয়া যায়। বরই ও শর্ষের মৌসুমেও বাক্সপ্রতি দুই থেকে তিন কেজি মধু মেলে। বছরে তিন–চারবার মধু সংগ্রহ করা যায়।

শহর থেকে কয়েকজন এসেছিলেন মধুর স্বাদ নিতে। তাঁদের সামনে মধু সংগ্রহের প্রক্রিয়া দেখাতে দেখাতে সাদ্দাম বলেন, ‘মৌমাছিরা যখন চাকের ছিদ্র সিল (বন্ধ) করে দেয়, তখন বুঝি মধু পরিপক্ব হয়েছে।’

চুপড়িয়া গ্রামে বাড়িসহ সাদ্দামের দুই বিঘা পৈতৃক জমি রয়েছে। জমিতে তিনি নানা ধরনের সবজিও চাষ করেন। বাড়ির সামনের পুকুরে তিনি তৈরি করেছেন একটি ভাসমান ঘর। সেখানে মৌ বাক্সের প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর। বাড়ির চারপাশেও রয়েছে সারি সারি মৌ বাক্স। পাশের গাছের ডালে বাঁধা মাটির হাঁড়িতেও মৌমাছি চাক তৈরি করেছে। বাড়ির আঙিনা মুখর মৌমাছির গুঞ্জনে।

মামাবাড়ির মৌ বাক্স দেখে আগ্রহ

সাদ্দামের মৌ চাষের শুরু ছোটবেলার আগ্রহ থেকে। সাতক্ষীরার আলীপুরে মামাবাড়িতে গেলে মৌ বাক্স দেখতেন তিনি। সেখান থেকেই মধু সংগ্রহের আগ্রহ জন্মায়। পরে মৌমাছি পালন জানেন, এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে কাজ শেখেন। একসময় নিজেই শুরু করেন।

প্রায় ১০ বছর ধরে মৌ চাষ করছেন সাদ্দাম। এখন তাঁর ২০০টির বেশি মৌ বাক্স। আশপাশের বাসাবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে এসব বসিয়েছেন। কোনো ছাদে ১০টি, কোথাও ২০টির বেশি। যে এলাকায় যে ফুলের গাছ বেশি, মৌসুম অনুযায়ী সেখানে নিয়ে যান বাক্স। সাদ্দাম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিবন্ধিত মৌচাষি। ২০২৩ সালে তিনি মৌ চাষের অনুমোদন পান। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘মৌমাছি কুঠির’। এই নামে তাঁর একটি ফেসবুক পেজও আছে।

মৌ বাক্স থেকে বের করা মৌচাক পরীক্ষা করছেন সাদ্দাম। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে
ছবি: প্রথম আলো

একেকটি বাক্সে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার মৌমাছি থাকে। ৭ থেকে ১০টি ফ্রেমের প্রতিটি বাক্সে থাকে একটি রানি মৌমাছি। মধুর উৎপাদন নির্ভর করে মৌমাছির সংখ্যা, ফুলের প্রাপ্যতা ও পরিবেশের ওপর। আম, লিচু, বরই, শর্ষে ও মেহগনি ফুলের মধু সংগ্রহ করেন তিনি।

মধু ও মৌ বাক্স থেকে আয়

আমের ফুলের মৌসুমে একটি বাক্স থেকে প্রায় তিন কেজি মধু পাওয়া যায়। বরই ও শর্ষের মৌসুমেও বাক্সপ্রতি দুই থেকে তিন কেজি মধু পাওয়া যায়। বছরে তিন–চারবার মধু সংগ্রহ করা যায়। সাদ্দাম বলেন, ‘মধু পরিচ্ছন্নভাবে বোতলজাত করে বিক্রি করি। পাশাপাশি মৌমাছিসহ বাক্সও বিক্রি করি। মৌমাছিসহ একটি বাক্সের দাম প্রায় ছয় হাজার টাকা। গত এক মাসে প্রায় ৪০ হাজার টাকার বাক্স বিক্রি করেছি।’ সম্প্রতি গোপালগঞ্জের এক ব্যক্তি তাঁর কাছ থেকে দুটি বাক্স নিয়েছেন। নারায়ণগঞ্জের এক দলিল লেখক নিজের বাড়িতে রাখতে একটি বাক্স কিনেছেন।

মৌ চাষ থেকে সব খরচ বাদে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয় বলে জানান সাদ্দাম। তবে মধু ও মৌ বাক্স বিক্রির হিসাব আলাদা করে রাখেন না তিনি। ভবিষ্যতে এ কাজের জন্য একটি দোকান দেওয়ার পরিকল্পনাও আছে তাঁর। মৌ চাষে তাঁর দুই ভাই ফরহাদ হোসেন ও মো. শিহাব সহযোগিতা করেন।

সাদ্দাম বলেন, যাঁদের ছাদে তিনি বাক্স বসান, তাঁদেরও মধু দেন। তাঁর কাছ থেকে বাক্স নিয়ে এ পর্যন্ত ৮০ জন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে মৌ চাষ শুরু করেছেন। পাশাপাশি ১০ জন তরুণকে মৌমাছি পালন শেখাচ্ছেন সাদ্দাম।

মৌ বাক্সের ফ্রেম থেকে চাকসহ মধু সংগ্রহ করছেন সাদ্দাম। গত শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে
ছবি: প্রথম আলো

বরইচাষিদের সংশয়

পথ সব সময় মসৃণ ছিল না সাদ্দামের। অন্যের বরইবাগানের পাশে বাক্স বসাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সাদ্দাম বলেন, ‘কিছুদিন আগে সাতক্ষীরার সোনাবাড়ী এলাকায় বরইবাগানের পাশে মৌবাক্স রাখার কথা ভাবছিলাম। কিন্তু সেখানে চাষিদের ধারণা, মৌমাছি বরই ফুলে বসলে ফলের আকার বাড়ে না, ফলনও ভালো হয় না। অথচ মৌমাছি ফুলের পরাগায়নে সাহায্য করে।’

সাদ্দামের মতে, মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ায়। তাই মৌ চাষ ছড়ালে মধু উৎপাদন যেমন বাড়বে, উপকৃত হবে কৃষিও।

বিসিকের সহায়তা, নতুন প্রকল্প

সাদ্দামের উদ্যোগে জেলায় মৌ চাষে নতুন আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে সাতক্ষীরা বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস প্রথম আলোকে বলেন, বিসিকের ছাদেও তিনি (সাদ্দাম) একটি বাক্স বসিয়েছেন।

গৌরব দাস জানান, সাতক্ষীরায় বিসিক নিবন্ধিত মৌচাষি প্রায় ৬০০ জন। তাঁদের ঋণ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় সাতক্ষীরায় মৌমাছি পালন সম্প্রসারণে নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে, যার আওতায় থাকবে প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতার কাজ।

শুক্রবার মৌমাছি কুঠির থেকে মধু নিতে এসেছিলেন সাতক্ষীরা কৃষি ব্যাংকের কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমি কখনো নিজ চোখে মৌচাক থেকে মধু সংগ্রহ করা দেখিনি। খাঁটি মধু খেতেও সুস্বাদু। ভেজালমুক্ত হওয়ায় সাদ্দাম হোসেনের কাছ থেকে পরিবারের জন্য মৌচাকসহ মধু নিতে এসেছি।’

সাদ্দামের স্বপ্ন, সাতক্ষীরার প্রতিটি বাড়িতে থাকবে একটি করে মৌ বাক্স। পরিবারের সদস্যরা নিজেরাই মধু সংগ্রহ করবেন, বাড়ির আঙিনা ও বাগানে ফুলে ফুলে ঘুরবে মৌমাছি।