সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত

মিনহাজ উদ্দিনছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মিনহাজ উদ্দিন (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

গতকাল শুক্রবার রাত তিনটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার সকাল সাতটার দিকে হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহত মিনহাজ উদ্দিনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, মিনহাজসহ কয়েকজন গতকাল রাতে ভারতের ভেতরে ঢুকেছিলেন। তাঁরা মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় গেলে ‘ভারতীয় খাসিয়ারা’ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

নিহত মিনহাজ সুপারির ব্যবসা করতেন জানিয়ে পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, গতকাল রাতে মিনহাজ শ্রমিকদের নিয়ে ভারত থেকে সুপারি আনতে গিয়েছিলেন। সুপারি নিয়ে ফেরার সময় ভারতীয় খাসিয়ারা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। নিহত মিনহাজের বড় ভাই অসুস্থ আর বাবা বয়স্ক। সংসারের দায়িত্ব মিনহাজের কাঁধেই ছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মিনহাজের মরদেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।