সাবেক চিফ হুইপ লিটনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের ৯০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের জন্য অধিগ্রহণ করা খাসজমির ভুয়া মালিক সাজিয়ে ৯০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিকভাবে পদ্মা সেতু প্রকল্পে নূর-ই-আলমের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক। খুব শিগগিরই অনুসন্ধান শেষে মামলা করার কথা জানিয়েছে তারা।

এর আগে গত ৭ জানুয়ারি দুদকের ঢাকার উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) নারগিস সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৯০০ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক এবং সদস্য দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান।

দুদক সূত্র জানায়, ২০ জানুয়ারি অনুসন্ধান কমিটির প্রধান মো.খায়রুল হক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে পদ্মা সেতু প্রকল্পের অধিগ্রহণকৃত চরের খাসজমির তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে অনুসন্ধান কমিটির সদস্য ও দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের কমিটির প্রধান মাদারীপুর জেলা প্রশাসকের কাছে সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য সরবরাহের জন্য চাহিদাপত্র দিয়েছে। আমরা আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে আমাদের অনুসন্ধানের কাজ শেষ করব। পরে সংশ্লিষ্ট খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখানে সরকারি বৃহত্তর প্রকল্পে শুধু অর্থ চুরি নয়, মহাচুরি হয়েছে। যাঁরা এই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত, কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

পদ্মা সেতু প্রকল্পে নূর-ই-আলমের দুর্নীতির বিষয়ে গত বছর ৮ সেপ্টেম্বর ‘লিটন চৌধুরীর চাপে কিনতে হয় ৯০০ কোটি টাকার জমি’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের জন্য বালু ফেলতে ৯০০ কোটি টাকার জমি কেনা হয়েছিল। সেই জমির বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। তখন জমিগুলো কেনার কোনো প্রয়োজন ছিল না। তখন নূর-ই-আলম চৌধুরীর কৌশল ও চাপে জমি কিনতে হয়েছিল। ওই জমির একাংশের ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করা হয়েছে। কারণ, চরের জমির কোনো মালিক আসলে ছিলেনই না। চরের সব জমিই খাস খতিয়ানভুক্ত ছিল। খাসজমি অধিগ্রহণে একটি বড় শক্তিশালী সিন্ডিকেট জড়িয়ে পড়েছিল।

২০১৭ সালে সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে দামের তিন গুণ ক্ষতিপূরণের আইন পাস হয়। সেই সুযোগ কাজে লাগাতে তখন শিবচরের খাসজমি ভুয়া মালিক সাজিয়ে অধিগ্রহণ সিন্ডিকেট গড়ে ওঠে। তাঁদের পেছন ছিল নূর-ই-আলম চৌধুরী লিটন। স্থানীয়দের পরিকল্পিত বিক্ষোভের মুখে সেতু বিভাগ বাড়তি জমি কেনা বাবদ ১ হাজার ৪০০ কোটি টাকা যুক্ত করে বিশেষভাবে প্রকল্প প্রস্তাব সংশোধন করে।

এ প্রসঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার বলেন, ‘সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের জন্য আমাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। তারা যে তথ্যাদি ও রেকর্ডপত্র চেয়েছে, তা প্রস্তুত করা হচ্ছে।’