ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে প্রাণনাশের হুমকি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহর কার্যালয়ে ঢুকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঈশ্বরগঞ্জ শহরের থানা রোডে ডিএস কামিল মাদ্রাসার অবস্থান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শহীদুল্লাহ জানান, পারিবারিক কিছু সমস্যার কারণে গত ১৫ জানুয়ারি থেকে মাদ্রাসা কার্যালয়ে যাননি। দাপ্তরিক কাজকর্ম বাসা থেকে করছিলেন। মাদ্রাসায় না যাওয়ার বিষয়টি তিনি পরিচালনা পর্ষদের সভাপতিকে জানিয়েছিলেন। সভাপতির নির্দেশে গতকাল সকাল ১০টার দিকে মাদ্রাসায় যান। ঘণ্টাখানেক পর ঈশ্বরগঞ্জ পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল মিয়ার নেতৃত্বে সাত থেকে আটজন তাঁর কার্যালয়ে জোর করে প্রবেশ করেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা প্রাণনাশের হুমকি দেন। চিৎকার শুনে অন্য শিক্ষকেরা ছুটে আসেন। পরে শিক্ষকেরা তাঁকে বাসায় পৌঁছে দেন।
অধ্যক্ষ জানান, বিষয়টি তিনি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলমকে জানিয়াছেন। নিরাপত্তাহীনতার কারণে গতকাল রাতে থানায় জিডি করেছেন।
এ বিষয়ে জানতে আজ সোমবার সকাল থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও বাবুল মিয়ার মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান মুঠোফোনে জানান, ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষের লিখিত অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। থানা থেকে সার্বক্ষণিক অধ্যক্ষের খোঁজখবর রাখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।