মাছ ধরার জালে উঠে এল নিখোঁজ শিশুর মরদেহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার সময় জালে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের ওই শিশুর মরদেহ উঠে আসে।
স্বজনেরা জানিয়েছেন, মারা যাওয়া শিশুটি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করত। দুই দিন আগে সে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে। আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন।
এর মধ্যে দুপুর প্রায় সাড়ে ১২টায় বাড়ির পাশে মাছের খামারে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। এ সময় জালে উঠে আসে শিশু ফুয়াদের লাশ। বেলা ১টা ১০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অথচ আজ বিকেলে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল ফুয়াদের। একমাত্র ছেলেকে হারিয়ে শিশুটির পরিবার পাগলপ্রায়।
মারা যাওয়া শিশুর চাচা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের সবাই দুই দিন আগে ময়মনসিংহ থেকে বাড়িতে আসেন, আজ চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাড়ির পাশে মাছের খামারে মাছ ধরার জালে মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে, খেলা করতে করতে কোনো এক সময় পানিতে পড়ে তলিয়ে মৃত্যু হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসাইন বলেন, বেলা ১টা ১০ মিনিটে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।