‘দলের নির্দেশে’ হাজারো কর্মী নিয়ে আসবেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর
ঢাকায় আওয়ামী লীগের ডাকা ‘শান্তি সমাবেশে’ কয়েক হাজার কর্মী নিয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেছেন, দলের শীর্ষ পর্যায় থেকে সমাবেশে যোগ দেওয়ার জন্য তাঁকে বলা হয়েছে।
আজ বুধবার সকালে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে যোগ দেব। এতে বাস, মিনিবাস, ট্রাকসহ প্রায় ২৫০ গাড়ি রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে করেও ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
এ দিকে দলীয় সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তিনি বলেন, গাজীপুর মহানগর থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতা-কর্মী নিয়ে ঢাকায় যাবেন তিনি।
আজ বেলা দুইটা থেকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে।
বিএনপি সমাবেশের পর বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।