টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছে মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি। আজ বুধবার দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহসভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. জহিরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে মির্জাপুরে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। সে জন্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছি। কারণ, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামী নির্বাচন করছে। আমরা রক্তমাংসে গড়া মানুষ। এ জামায়াতে ইসলামী শুধু ’৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করে নাই, ১৯৪৭ সালেও পাকিস্তানের বিরোধিতা করেছে। দেশের বিরোধিতা করাই মনে হয় তাদের ধর্ম। তারা ধর্মের ব্যবসা করে। ধর্মের নামে দেশের বিপক্ষে তারা অবস্থান নেয়। তাই আমরা জাতীয় পার্টির নেতারা সবাই মিলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিসহ সার্বিক দিক বিবেচনায় আমরা মির্জাপুরের অত্যন্ত সাদা মনের মানুষ আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছি।’
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আমরা এবং জাতীয় পার্টির সদস্যরা দেশের জন্য রাজনীতি করি। আদর্শগত পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। বিগত দিনে মহাজোটে থাকলেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের অধিকার পায়নি। তাদের কেবলই দুর্বল করে তোলা হয়েছে। মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ সাধারণ মানুষ নিয়ে কখনো ভাবেনি। দেশের কথা ভাবেনি। তারা কেবলই নিজেদের স্বার্থ দেখেছে। এ কারণে তাদের দলের অধিকাংশ নেতা আজ দেশছাড়া। জাতীয় পার্টি বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। সব বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে মির্জাপুরে কাজ করতে চাই।’