চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, জ্বলছে সাড়ে ছয় ঘণ্টা ধরে

আগুনে পুড়ছে ঝুটের গুদামছবি: জাবেদ হোসাইন নামের ফেসবুক আইডি থেকে

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে আগুন লেগেছে। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোড–সংলগ্ন এলাকার গুদামটিতে আগুন লাগে। আজ শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তিমালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিয়ন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে সেটি তদন্ত শেষে জানা যাবে।