রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে আরও একজনের মৃত্যু, মামলায় গ্রেপ্তার ৭
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৯টার দিকে মনিরুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তি মারা যান।
এ নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হলো। মনিরুল ইসলাম গোদাগাড়ীর কাঁকনহাটের গোসিরা গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে।
এর আগে গতকাল সকাল ৯টার দিকে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর অন্তত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসকেরা। তাঁরা হলেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ওরফে ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছি কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার বঁড় ভাই নাইমুল (৭০)।
এদিকে সংঘর্ষের ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় গতকাল রাতে মামলা হয়েছে। নিহত সোহেল রানার ভাই মো. হৃদয় বাদী হয়ে মামলাটি করেন। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. ইউনুস আলী, মো. রজব আলী, মো. হায়দার আলী, মো. আতাউর রহমান, মো. মঞ্জুর রহমান, মো. ওমর ফারুক ও মো. আনারুল ইসলাম। গ্রেপ্তার আসামিদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রজব ও ইউনুস চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো রাজশাহী মেডিকেলের কয়েকটি ওয়ার্ডে অন্তত পাঁচজন চিকিৎসাধীন।
পুলিশ, হতাহত ব্যক্তিদের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে ১৪ বিঘা জমি কেনেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী সেলিম রেজার খালাতো ভাই সোহেল রানা। এই জমি ওয়াক্ফ সূত্রে পাওয়ার দাবি করে আসছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী আশিক চাঁদ। এ নিয়ে তাঁর সঙ্গে সঙ্গে বিরোধ চলে আসছিল সেলিম রেজার। সোহেল রানা এ বছর জমির দখল নেওয়ার জন্য চাষ করেন। জমি তৈরি হওয়ার পর গতকাল সকালে শ্রমিক নিয়ে ধানের চারা রোপণ করতে যান তিনি। এ সময় আশিক চাঁদের নির্দেশে ৫০ থেকে ৭০ জন্য ব্যক্তি তাঁদের চারদিক ঘিরে অতর্কিত হামলা চালান।
হামলায় গুরুতর আহত হয়ে অন্তত ১০ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে মারা গেছেন চারজন। চারজনই সেলিম রেজা পক্ষের লোক।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোদাগাড়ীর ঘটনায় গত রাতে মনিরুল ইসলাম নামের আরও একজন মারা গেছেন। আজ মরদেহগুলো ময়নাতদন্তের পর পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, গতকাল রাতে এ ঘটনায় হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে আশিক চাঁদকে। তিনি ঘটনাস্থলে না থাকলেও তাঁকে হুকুমের আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে তাঁরা গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।